মুন্সীগঞ্জে ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহিপাড়া চৌরাস্তায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বিক্রি নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণের দায়ে প্রমি মেডিসিন কর্নারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে প্রমি মেডিসিন কর্নার পরিদর্শন করে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ এবং বিক্রি নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ফার্মেসির মালিক মোহাম্মদ সালাহউদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং মুন্সীগঞ্জ ব্যাটালিয়ন আনসারের একটি দল অভিযানে সহযোগিতা করে।
