logo

সেমিনার, সম্মেলনে অংশ নিতে সস্ত্রীক পাকিস্তান সফরে রাজউক চেয়ারম্যান

সেমিনার, সম্মেলনে অংশ নিতে সস্ত্রীক পাকিস্তান সফরে রাজউক চেয়ারম্যান
রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। ছবি : বাসস

স্ত্রী মুসলিমা খন্দকারকে নিয়ে পাকিস্তান সফরে যাচ্ছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গত ১০ নভেম্বরের সরকারি আদেশ অনুযায়ী, ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন তিনি।

সরকারি আদেশে তার স্ত্রীকে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) নারী কমিটির চেয়ারম্যান এবং তাকে আইইবি প্রতিনিধিদলের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

সফরের সব ব্যয় বহন করবে পাকিস্তানের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স (আইইপি) ও বাংলাদেশের আইইবি। পাকিস্তানে তার অবস্থানকালকে ‘অন ডিউটি’ হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি নিয়মিত বেতন-ভাতা পাবেন।

সরকারি আদেশে বলা হয়, পাকিস্তানে ৬৩তম আইইপি কনভেনশন, ফেইসকা আঞ্চলিক সেমিনার এবং আন্তর্জাতিক বহুমাত্রিক সম্মেলনে অংশ নেবেন প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। এ ছাড়া লাহোর উন্নয়ন কর্তৃপক্ষ (এলডিএ), পাঞ্জাব অবকাঠামো উন্নয়ন কর্তৃপক্ষ (আইডিএপি) এবং পাঞ্জাব গণপরিবহন কর্তৃপক্ষের (পিএমএ) সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি।

সফরে রাজউকের কী ধরনের প্রাতিষ্ঠানিক বা কারিগরি লাভ হবে, বৈঠকগুলোতে কী বিষয়ে আলোচনা হবে এবং সফর শেষে কী ধরনের অভিজ্ঞতা বা সুপারিশ পাওয়া যাবে, সরকারি আদেশে এসবের বিস্তারিত উল্লেখ করা হয়নি।

সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে পরিবারের সদস্যদের অন্তর্ভুক্তি নিয়ে সরকারের স্পষ্ট নির্দেশনা রয়েছে। ২০২৫ সালের ২৩ মার্চ তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা নির্দেশনায় সরকারি অর্থায়নে বিদেশ সফরে কর্মকর্তা-কর্মচারীদের স্ত্রী, স্বামী ও সন্তানদের সফরসঙ্গী করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। একই নির্দেশনায় ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশ সফরও পরিহারের কথা বলা হয়।

এ বিষয়ে জানতে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামকে একাধিকবার কল দিয়ে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেও কোনো সাড়া মেলেনি।