logo

বিজয় দিবস: গোয়েন্দাদের ‘অধিকতর সতর্ক থাকার নির্দেশ’

বিজয় দিবস: গোয়েন্দাদের ‘অধিকতর সতর্ক থাকার নির্দেশ’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাসসের ফাইল ছবি

বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে সম্ভাব্য যে কোনো বিশৃঙ্খলা এড়াতে গোয়েন্দাদের অধিকতর সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের প্রস্তুতিমূলক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নেওয়া জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান নিরাপদ ও সুশৃঙ্খল করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এছাড়া সম্ভাব্য যে কোনো বিশৃঙ্খলা বা অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে এসবিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থাকে ‘অধিকতর সতর্ক থেকে’ গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যসহ দেশি-বিদেশি ভিভিআইপি ও সাধারণ জনগণের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাওয়া-আসা এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহারের অংশ হিসেবে সাভার স্মৃতিসৌধ এলাকা এবং এর প্রবেশপথে পর্যাপ্ত সংখ্যক সিসি/আইপি ক্যামেরা স্থাপন করা এবং ক্লোজড সার্কিট ক্যামেরাগুলো ঢাকা মহানগর পুলিশ ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে যুক্ত থাকবে বলা হয় বিজ্ঞপ্তিতে।

এছাড়া বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানে আসা অতিথিদের শরীর ও যানবাহনে তল্লাশিসহ অন্যান্য নিরাপত্তামূলক কাজ এবং সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলে বিশেষ নিরাপত্তা জোরদার করার বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

যানবাহন ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার মূল সড়ক ও স্মৃতিসৌধের আশপাশের এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি সেবা নিশ্চিত করতে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ অন্যান্য সব অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নি নির্বাপণী গাড়ি মোতায়েন রাখার বিষয়ে সিদ্ধান্তের কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।