এ বছর মুক্তি পাচ্ছে না ‘পঞ্চায়েত ৫’, অ্যামাজন প্রাইমের দুঃখ প্রকাশ

ভারতের জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। গ্রামীণ রাজনীতি, ক্ষমতার পালাবদল আর সাধারণ মানুষের জীবনের নানা গল্প নিয়ে নির্মিত সিরিজটি শুরু থেকেই দর্শকদের মন জয় করেছে। ভারতের পাশাপাশি বাংলাদেশেও রয়েছে এর উল্লেখযোগ্য দর্শকপ্রিয়তা। চারটি মৌসুমের পর এবার পঞ্চম কিস্তির অপেক্ষায় ছিলেন দর্শকরা। তবে সেই অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।
সম্প্রতি জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্রাইম ভিডিও জানিয়েছে, চলতি বছর মুক্তি পাচ্ছে না ‘পঞ্চায়েত’-এর পঞ্চম মৌসুম। গত ১৫ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। ফলে ২০২৬ সালে নতুন মৌসুম দেখার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা আপাতত পূরণ হচ্ছে না।
ঘোষণাটি দেওয়ার ক্ষেত্রে সিরিজটির পরিচিত চরিত্র ভুষণ শর্মা ওরফে বানরাকসকে বেছে নিয়েছে প্রাইম ভিডিও। অভিনেতা দুর্গেশ কুমারের ছবিসংবলিত পোস্টে লেখা হয়েছে, ‘জানাতে দুঃখ হচ্ছে, পঞ্চায়েতের পরবর্তী মৌসুম বন্দি রয়েছে।’ পাশাপাশি স্পষ্ট করে জানানো হয়, ‘পঞ্চায়েত ৫’ এ বছর মুক্তি পাবে না। সিরিজটির গ্রামীণ রাজনৈতিক আবহের সঙ্গে মিল রেখেই কিছুটা রসিকতার ভঙ্গিতে খবরটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
এর আগে, ২০২৫ সালে সিরিজটির পঞ্চম মৌসুম নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। এমনকি চলতি বছর মুক্তির পরিকল্পনার কথাও জানিয়েছিলেন সংশ্লিষ্টরা। গত সেপ্টেম্বরে পরিচালক দীপক কুমার মিশ্র জানিয়েছিলেন, নতুন মৌসুমের সম্পাদনার কাজ চলছে। অক্টোবর কিংবা নভেম্বর নাগাদ এটি মুক্তি পেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না।
নতুন মৌসুমের মুক্তির নির্দিষ্ট তারিখ কিংবা বিকল্প সময়সূচি এখনো জানায়নি প্রাইম ভিডিও। ফলে ২০২৭ সালে সিরিজটি দর্শকদের সামনে আসতে পারে বলে ধারণা করা হলেও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।
এদিকে চতুর্থ মৌসুমের শেষদিকে ফুলেরা গ্রামের পঞ্চায়েত নির্বাচনে ঘটে বড় ধরনের ক্ষমতার পালাবদল। নির্বাচনে পরাজিত হন প্রধানজি ও মঞ্জু দেবী। অন্যদিকে নতুন প্রধান হিসেবে দায়িত্ব পান ক্রান্তি দেবী। তার স্বামী ভুষণ ওরফে বানরাকসের প্রভাবও এবার গ্রামের রাজনীতিতে বাড়তে পারে। নতুন নেতৃত্বের অধীনে পঞ্চায়েত সচিব অভিষেক ত্রিপাঠির কর্মজীবন কেমন হবে, সেটিও উঠে আসবে পরবর্তী মৌসুমে।
সিরিজটির প্রকাশিত গল্পসংক্ষেপ অনুযায়ী, নতুন নেতৃত্বের অধীনে প্রতিকূল কর্মপরিবেশের মুখোমুখি হতে হবে অভিষেককে। পাশাপাশি এমবিএ করার স্বপ্ন নিয়েও এগোতে চাইবে সে। তবে ফুলেরা গ্রামের কিছু অসমাপ্ত কাজ ও জটিলতা সামলে তবেই নতুন পথে এগোনোর সুযোগ পাবে অভিষেক। চরিত্রটিতে আগের মতোই অভিনয় করবেন জিতেন্দ্র কুমার।
চন্দন কুমারের লেখা সিরিজটি পরিচালনা করেছেন দীপক কুমার মিশ্র। প্রযোজনা করেছে দ্য ভাইরাল ফিভার। জিতেন্দ্র কুমার ছাড়াও এতে অভিনয় করেছেন রঘুবীর যাদব, নীনা গুপ্তা, চন্দন রায়, ফয়সাল মালিক, সানভিকা, আশোক পাঠক, সুনীতা রাজওয়ার ও দুর্গেশ কুমার।
২০২০ সালে প্রথম মৌসুম মুক্তির পর থেকেই দর্শকদের কাছে পরিচিতি পেতে শুরু করে ‘পঞ্চায়েত’। সময়ের সঙ্গে সিরিজটির জনপ্রিয়তা বাড়তে থাকে। এখন পঞ্চম মৌসুমের অপেক্ষায় থাকা দর্শকদের জানতে অপেক্ষা করতে হবে, কবে আবার পর্দায় ফিরবে ফুলেরা গ্রামের চেনা মানুষগুলো।
সূত্র: ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস