খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

খুলনায় সন্ত্রাসী গ্রুপগুলোর তৎপরতা, ধারাবাহিক হত্যাকাণ্ড ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগের মধ্যে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তব চিত্র জানতে বিএনপি নেতাদের ঢাকায় ডেকে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে খুলনার সার্বিক পরিস্থিতি শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
গত শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধানমন্ত্রী খুলনায় হঠাৎ করে সন্ত্রাসী গ্রুপগুলোর তৎপরতা বেড়ে যাওয়ার কারণ জানতে চান। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে নেতাদের পরামর্শ চান। এ সময় খুলনা মহানগর ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রতিক হত্যাকাণ্ড, সন্ত্রাসীদের তৎপরতা, চাঁদাবাজি এবং সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার বিষয়গুলো তুলে ধরেন বিএনপি নেতারা। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
পুলিশের অপরাধ শাখার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে খুলনা মহানগর ও জেলায় ৮৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। চলতি বছরের গত সাড়ে ১০ মাসে হত্যার শিকার হয়েছেন আরও ৭৮ জন। তাঁদের মধ্যে ২৬ জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন শতাধিক মানুষ।
হত্যাকাণ্ডের পাশাপাশি খুলনায় বেড়েছে চাঁদাবাজির ঘটনাও। চাঁদা না দেওয়ায় দুটি ক্লিনিকসহ ছয়টি প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ উঠেছে। আতঙ্কে বন্ধ রয়েছে বেশ কয়েকটি ফার্মেসি। এমন পরিস্থিতিতে সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে চাঁদাবাজিতে নেমেছে প্রতারক চক্রও।
বৈঠকে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। এছাড়া আগে থেকেই বৈঠকে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।
বৈঠকের বিষয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, প্রধানমন্ত্রী শহরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। তিনি মনোযোগ দিয়ে সব কথা শুনেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বলেন, প্রধানমন্ত্রী আমাদের ফিরে গিয়ে কাজ করতে বলেছেন। বাকি বিষয়গুলো দ্রুত দেখা হবে। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।
সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ড, সশস্ত্র হামলা ও চাঁদাবাজির ঘটনায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের এ বৈঠককে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
