২৪ ডিসেম্বর ফল প্রকাশের দিনই নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন শ্রেণির বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ওই দিন উত্তীর্ণ শিক্ষার্থীরা নতুন বই হাতে নিয়ে বাড়ি ফিরবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রম উদ্বোধন করবেন।
সোমবার (১৫ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের বই ৩১ অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। আর মাধ্যমিক বিদ্যালয়ের বই ৩০ নভেম্বরের মধ্যে প্রতিটি উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে ২৪ ডিসেম্বর ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময়ে প্রতিবছর ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হতো। তবে বিগত কয়েক বছরে আগের সরকার ও অন্তর্বর্তী সরকারের সময়ে সময়মতো বই দেওয়া সম্ভব হয়নি।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়গুলোর পরিবহনের জন্য ২০০টি বাস, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৫০০ কম্পিউটার বিতরণ এবং সেরা শিক্ষকদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বছর ১০৭ জন শিক্ষককে পুরস্কৃত করা হয়েছে। আগামীতে দেশের বিজ্ঞানীদেরও পুরস্কৃত করা হবে।
তিনি আরও বলেন, কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল ও আলিম ভোকেশনাল শিক্ষার উন্নয়নে কাজ চলছে। কারিগরি শিক্ষা বোর্ডকে নতুনভাবে সাজানো হচ্ছে। এ ছাড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য চারটি নতুন বিশেষায়িত প্রকৌশল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালের নতুন পাঠ্যবইয়ে চারটি নতুন বিষয় যুক্ত হচ্ছে। এর মধ্যে ষষ্ঠ শ্রেণিতে দুটি এবং চতুর্থ শ্রেণিতে দুটি বিষয় থাকবে। ষষ্ঠ শ্রেণিতে কারিগরি শিক্ষা ও ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। পুরো শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম নতুন করে সাজানোর কাজ চলছে।
শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের কলেজে ভর্তির কার্যক্রম চলছে। তবে এবারের এইচএসসি পরীক্ষায় প্রায় অর্ধেক শিক্ষার্থী খারাপ ফল করেছে। এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ২ ডিসেম্বর পরীক্ষা নেওয়া হবে। ২৩ ডিসেম্বর ফল প্রকাশ করা হবে, যাতে তারা পরবর্তী শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হতে পারে।
তিনি বলেন, পাবলিক পরীক্ষা আইন সংশোধনের পর এসএসসি পরীক্ষার ফলাফলে পরিবর্তন এসেছে। গ্রেড পরিবর্তন হয়েছে ৪৫ হাজার শিক্ষার্থীর। আগে অকৃতকার্য হলেও নতুন মূল্যায়নে ৩ হাজার ৭৯ জন জিপিএ পেয়েছে। খাতা মূল্যায়নে অবহেলার অভিযোগে পরীক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং তাদের প্রশিক্ষণের উদ্যোগও নেওয়া হচ্ছে।
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থা করা হবে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা রয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, শ্রেণিকক্ষে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিষয়ে গুগলের সঙ্গে আলোচনা হয়েছে। ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ বাস্তবায়ন এবং শ্রেণিকক্ষের পাঠদান আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তবে শিক্ষার্থীদের শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভরশীল না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, তথ্য জানার পাশাপাশি জ্ঞান অর্জন এবং সেই জ্ঞান প্রয়োগের প্রজ্ঞা থাকতে হবে। মুখস্থনির্ভর শিক্ষার দিন শেষ। শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত হতে হবে, যাতে তারা কৃত্রিম বুদ্ধিমত্তার দেওয়া তথ্য যাচাই ও বিচার করতে পারে।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের প্রকল্পভিত্তিক শিক্ষা দিতে হবে। বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা গড়ে তুলতে হবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও উচ্চশিক্ষার উন্নয়নে প্রায় ৫ হাজার কোটি টাকার একটি প্রকল্পের আওতায় অনুদান দেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনার কাজ চলছে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
