logo

রোগীদের ডায়াগনস্টিকে পাঠিয়ে চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা

রোগীদের ডায়াগনস্টিকে পাঠিয়ে চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা
প্রতীকী ছবি। [এইচএসসি নিউজ]

সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের অনুপস্থিতি, রোগীদের ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন গ্রহণ এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক অনিয়মের চিত্র উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) এক গবেষণায়। গবেষণায় দেখা গেছে, আকস্মিক পরিদর্শনের সময় সরকারি হাসপাতালের প্রায় ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে ছিলেন না। অন্যদিকে, রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য পাঠিয়ে চিকিৎসকেরা পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নেন।

গবেষণার হিসাব অনুযায়ী, দেশের বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে। এ ছাড়া কেন্দ্রীয় ঔষধাগরের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার আর্থিক ক্ষতি এবং ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার তথ্যও উঠে এসেছে। কোনো কোনো সরঞ্জাম বাজারমূল্যের তুলনায় ১৮ গুণ বেশি দামে কেনার নজির পাওয়া গেছে।

গতকাল ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রকাশিত বিএইচডব্লিউর ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। ১৯১ পৃষ্ঠার এই প্রতিবেদনে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে। প্রতিবেদনটি সম্পাদনা করেছেন বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন। প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছে সুইডেন দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি (সিডা)।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ডা. শামস এল আরেফিন বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতির পেছনে দুর্বল সুশাসন, জবাবদিহি ছাড়াই অতিরিক্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, স্বার্থের সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং তদারকিব্যবস্থার সমন্বয়হীনতা কাজ করছে। পাশাপাশি অনিয়মকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করার প্রাতিষ্ঠানিক সংস্কৃতিও দুর্নীতিকে উৎসাহিত করছে।

তিনি বলেন, শুধু আইন প্রয়োগ করে দুর্নীতি দূর করা সম্ভব নয়। সততা ও নৈতিকতাকে প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়াই সমস্যার একমাত্র সমাধান নয়। স্বাস্থ্য খাতের সামগ্রিক কাঠামোতে সংস্কার আনতে হবে। তার মতে, আর্থিক অনিয়ম কিংবা দরপত্রে কারসাজির পাশাপাশি বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থে নীতি ও কৌশল প্রভাবিত করাও দুর্নীতির অংশ।

রোগী পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগ

প্রতিবেদনে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে রোগীদের বিভিন্ন ধরনের অনিয়ম ও হয়রানির শিকার হওয়ার চিত্র তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে দালালের মাধ্যমে সেবা গ্রহণে বাধ্য করা, শয্যা বরাদ্দ ও হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার বিনিময়ে অবৈধ অর্থ আদায় এবং রোগীদের বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো।

এমন একটি ঘটনায় অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করে দেওয়ার আশ্বাস দিয়ে এক বৃদ্ধ রোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন হাসপাতালের এক ওয়ার্ডবয়। অথচ সংশ্লিষ্ট ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই ছিল না। ঘটনার পর ওই কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে অন্য জায়গায় বদলি করা হয়।

চিকিৎসকদের মাধ্যমে রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর বিনিময়ে কমিশন গ্রহণের বিষয়টিও গবেষণায় বিশেষভাবে উঠে এসেছে। এ খাতে বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকার লেনদেন হতে পারে বলে ধারণা করা হয়েছে। তবে এ পরিসংখ্যানের স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।

চিকিৎসকদের অনুপস্থিতি ও নিয়োগে রাজনৈতিক প্রভাব

সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের অনুপস্থিতি স্বাস্থ্যসেবার অন্যতম বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে গবেষণাটি। আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। আরেকটি গবেষণায় প্রত্যন্ত অঞ্চলের কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের অনুপস্থিতির হার ৭০ শতাংশের বেশি পাওয়া গেছে।

দায়িত্ব পালন না করেও সরকারি বেতন-ভাতা গ্রহণ করা চিকিৎসকদের বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য খাতের ১ লাখ ৮০ হাজারের বেশি কর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব এবং কাগজনির্ভর ব্যবস্থাপনার দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এ ক্ষেত্রে ২০২১ সালে ২ হাজার ৮৩৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিলের ঘটনাও তুলে ধরা হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থায় জবাবদিহির ঘাটতি

স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও জবাবদিহি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রায় ৯০ জন সদস্যের মধ্যে ৭০ জনই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। পর্যালোচনা করা ছয়টি নিয়ন্ত্রক সংস্থার কোনোটিতেই রোগী বা সাধারণ মানুষের কার্যকর প্রতিনিধিত্ব নেই।

চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তিতেও দীর্ঘসূত্রতার প্রমাণ পাওয়া গেছে। ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত বিএমডিসিতে মোট ১৭২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৭৯টি এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। মাত্র ২৯টি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া দেশে মেডিকেল কলেজের সংখ্যা দ্রুত বাড়লেও শিক্ষার মান নিশ্চিত করার পর্যাপ্ত ব্যবস্থা গড়ে ওঠেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১০ সালে দেশে মেডিকেল কলেজ ছিল ৬২টি। ২০২২-২৩ সালে এ সংখ্যা বেড়ে ১১৮টিতে দাঁড়ায়। কিন্তু এই সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে মান নিয়ন্ত্রণ ও তদারকিব্যবস্থার উন্নতি হয়নি।

দুর্নীতি বন্ধে একগুচ্ছ সুপারিশ

স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়ম কমাতে বেশকিছু কাঠামোগত সংস্কারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ হেলথ ওয়াচ। এর মধ্যে অন্যতম হলো রোগীদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসাপ্রতিষ্ঠানে পাঠানোর বিনিময়ে চিকিৎসকদের কমিশন গ্রহণ আইনত নিষিদ্ধ করা।

এ ছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্কের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তি এবং ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরির কথাও বলা হয়েছে।

প্রতিবেদনে আরও সুপারিশ করা হয়েছে, স্বাস্থ্যকর্মীদের নিয়োগ, বদলি ও পদোন্নতি ব্যবস্থাপনায় ডিজিটাল মানবসম্পদ তথ্যব্যবস্থা চালু করতে হবে। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সেখানে দায়িত্ব পালনকারী স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থাও রাখতে হবে।

সরকারি কেনাকাটার সব তথ্য জনসমক্ষে প্রকাশ, চিকিৎসা সরঞ্জাম কেনা থেকে শুরু করে ব্যবহার পর্যন্ত প্রতিটি ধাপের জবাবদিহি নিশ্চিত এবং দুর্নীতির তথ্য প্রকাশকারীদের সুরক্ষা দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে মন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের এসব প্রতিষ্ঠানের প্রধান হওয়ার সুযোগ বন্ধ করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাগুলোতে রোগী ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং স্বাধীন আপিলব্যবস্থা প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে।