বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে লাগতে পারে ৫ থেকে ১০ বছর

বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে দীর্ঘ ও জটিল আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হবে। ফৌজদারি মামলায় এই প্রক্রিয়ায় ৫ থেকে ১০ বছর এবং দেওয়ানি (সিভিল) আইনি প্রক্রিয়ায় ৩ থেকে ৫ বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাচার হওয়া অর্থের স্তর শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট দেশের আদালতে তা ‘অবৈধ’ হিসেবে প্রমাণ করার দীর্ঘসূত্রতার কারণেই এই সময় প্রয়োজন হবে।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গণি চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, এ অবস্থায় পাচার হওয়া অর্থ ফেরাতে আইনি কৌশল পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংকের স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্স। এ কাজে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞ নিয়োগের পাশাপাশি আন্তর্জাতিক আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) ও লিটিগেশন ফান্ডারদের যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংক খাতের খেলাপি ঋণ ও অর্থ পাচারসংশ্লিষ্ট দ্বিতীয় ধাপে আরও প্রায় ৪০টি মামলা নিয়ে কাজ শুরু করেছে টাস্কফোর্স।
তিনি আরও বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে শুধু বাংলাদেশের তদন্ত বা আইনি উদ্যোগ যথেষ্ট নয়। যে দেশে সম্পদ রয়েছে, সেই দেশের আইন, আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগের সহযোগিতা প্রয়োজন। আবার বাংলাদেশে কোনো কাজ অবৈধ হলেও সংশ্লিষ্ট দেশের আইনে সেটি একইভাবে বিবেচিত না-ও হতে পারে। ফলে প্রতিটি দেশের আইনি প্রক্রিয়া অনুসরণ করে সম্পদের অবৈধতা প্রমাণ করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংকের গঠিত টাস্কফোর্স। এ কার্যক্রমে পরামর্শক হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে অর্থ পাচার ও সম্পদ পুনরুদ্ধারে অভিজ্ঞ একজন বিশেষজ্ঞকে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, পাচার হওয়া অর্থ বিভিন্ন দেশ ও একাধিক স্তরের লেনদেনের মাধ্যমে স্থানান্তরিত হয়েছে। ফলে অর্থের বর্তমান অবস্থান শনাক্ত করা, কোন কোন দেশের মধ্য দিয়ে তা পাচার হয়েছে এবং কী প্রক্রিয়ায় সম্পদ স্থানান্তর করা হয়েছে, তা অনুসন্ধান করা জটিল ও সময়সাপেক্ষ।
টাস্কফোর্সের কার্যক্রমের অগ্রগতি নিয়মিত প্রকাশ না করার বিষয়ে তিনি বলেন, অর্থ পাচার একটি স্পর্শকাতর বিষয়। তদন্তের প্রতিটি তথ্য ও অগ্রগতি প্রকাশ করা হলে পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা আগেভাগেই সতর্ক হয়ে নতুন কৌশল নিতে পারেন। এতে অর্থ ফেরত আনার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই প্রয়োজনীয় তথ্য গোপন রেখেই কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া সম্পর্কে টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গণি চৌধুরী বলেন, বিদেশে সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আইন ও আইন প্রয়োগকারী সংস্থার ওপর বড় ধরনের নির্ভরতা রয়েছে। বাংলাদেশে যে কাজ অবৈধ, অন্য দেশের আইনে তা একইভাবে বিবেচিত নাও হতে পারে। তাই সংশ্লিষ্ট দেশের আইনি প্রক্রিয়ায় অবৈধতা প্রমাণের পরই অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া সম্ভব।
তিনি বলেন, আন্তর্জাতিক অভিজ্ঞতা অনুযায়ী, এ ধরনের ফৌজদারি মামলায় পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে। আর দেওয়ানি বা সিভিল প্রক্রিয়ায়ও সম্পদ পুনরুদ্ধারে তিন থেকে পাঁচ বছর প্রয়োজন হতে পারে।
ফরহানুল গণি চৌধুরী আরও বলেন, কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই বাংলাদেশ এ কার্যক্রম শুরু করেছে। গত দুই বছরের অভিজ্ঞতার ভিত্তিতে এখন কৌশল হালনাগাদ করা হচ্ছে। যেসব ক্ষেত্রে কাজ প্রত্যাশা অনুযায়ী এগোয়নি, সেগুলো চিহ্নিত করে আরও কার্যকর কৌশল নেওয়ার চেষ্টা চলছে।
বাংলাদেশে ২০২৪ সালের অক্টোবরে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে টাস্কফোর্সের কার্যক্রম শুরু হয়। শুরুতে তৎকালীন সরকারের নির্ধারণ করে দেওয়া অগ্রাধিকারপ্রাপ্ত মামলাগুলো নিয়ে কাজ শুরু করে সংস্থাটি। সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রথম দুই বছরকে শেখা ও কৌশল নির্ধারণের সময় হিসেবে দেখছেন। এসব মামলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে ফৌজদারি মামলার পাশাপাশি দেওয়ানি বা সিভিল আইনি প্রক্রিয়ায় গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের টাস্কফোর্স। এরই মধ্যে দুই ধাপে ব্যাংক খাতের খেলাপি ঋণ ও অর্থ পাচারসংশ্লিষ্ট মামলা নিয়ে কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে কয়েকটি খেলাপি ঋণসংশ্লিষ্ট মামলাকে অগ্রাধিকার দেওয়া হয়। পরে গত আগস্টে দ্বিতীয় ধাপে যুক্ত করা হয় আরও প্রায় ৪০টি মামলা।
যেসব ক্ষেত্রে ব্যাংকের কাছে বিদেশে অর্থ স্থানান্তরের তথ্য রয়েছে এবং সংশ্লিষ্ট ঋণগ্রহীতা বা মালিকের বিদেশে অবস্থানের সম্ভাবনা আছে, সেসব মামলা বিবেচনায় নেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে সামনে রেখে অর্থ পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে। কারণ, ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে এসব অর্থের বড় একটি অংশ বিদেশে পাচার হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোকে আইনি লড়াইয়ে সক্রিয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ বিষয়ে টাস্কফোর্সের উপদেষ্টা বলেন, সিভিল প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইনজীবী প্রতিষ্ঠান ও লিটিগেশন ফান্ডারদের যুক্ত করার উদ্যোগ রয়েছে। বাংলাদেশে আন্তদেশীয় সম্পদ পুনরুদ্ধারের অভিজ্ঞতা সীমিত। তাই আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশে এ ধরনের মামলা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, এমন প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে কাজ করতে আগ্রহী আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চলছে। প্রাথমিকভাবে কিছু গোপনীয় নথি বিনিময় করা হচ্ছে। এসব নথি পর্যালোচনার ভিত্তিতে চূড়ান্ত চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পাচার হওয়া অর্থের পরিমাণ, সম্পদের অবস্থান কিংবা চলমান আইনি কৌশল প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে চায় বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, এসব তথ্য প্রকাশ পেলে অভিযুক্ত ব্যক্তিরা সম্পদ অন্যত্র সরিয়ে ফেলতে পারেন। এমনকি নতুন লেনদেনের মাধ্যমে সম্পদের অবস্থান আড়াল করারও চেষ্টা করতে পারেন। এতে অর্থ পুনরুদ্ধারের উদ্যোগ বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, গণমাধ্যমের প্রশ্নের জবাব দেওয়া হবে। তবে কারিগরি ও কৌশলগত কারণে সব তথ্য প্রকাশ করা সম্ভব হবে না।
বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব হলে দুর্বল অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে আন্তর্জাতিক সহযোগিতা, আইনি সক্ষমতা ও দীর্ঘমেয়াদি লড়াইয়ের ওপর নির্ভর করছে এই উদ্যোগের সফলতা। ফলে পাচার হওয়া অর্থ দেশে ফিরতে অপেক্ষা করতে হতে পারে আরও কয়েক বছর।



