logo

সাতক্ষীরায় এক বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২১

সাতক্ষীরায় এক বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২১
সাতক্ষীরায় বাড়ছে মোটরসাইকেল দুর্ঘটনা, এক বছরে ২১ জনের মৃত্যু। ছবি: এশিয়া পোস্ট

সাতক্ষীরায় এক বছরে ৩৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত আটজন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাতক্ষীরা কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

বিআরটিএর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত জেলায় ৫৪টি সড়ক দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ৩৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২১ জন নিহত ও আটজন আহত হয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, মোটরসাইকেল চালকদের একটি অংশ নির্ধারিত গতিসীমা মানছেন না। অনেকেই ঝুঁকি নিয়ে ওভারটেক করছেন। হেলমেট ব্যবহার না করা এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতাও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

মোটরসাইকেল চালক ইমন হোসেন বলেন, বর্তমান প্রজন্মের অনেক তরুণ বেপরোয়াভাবে মোটরসাইকেল চালান। অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ জন্য চালকদের নিজেদের সচেতন হতে হবে এবং সরকারি বিধিবিধান মেনে চলতে হবে।

স্থানীয় বাসিন্দা বাবুল হোসেন বলেন, মোটরসাইকেল চালকদের সচেতনতার অভাব দুর্ঘটনার অন্যতম কারণ। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্রাফিক পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, সাতক্ষীরা শহরের প্রধান সড়কগুলো অনেক পুরোনো। সড়ক প্রশস্ত করা হয়নি, মহাসড়কগুলোরও কাঙ্ক্ষিত সম্প্রসারণ হয়নি। পাশাপাশি যানবাহন চলাচলে লেন মেনে চলার প্রবণতা কম। বাইপাস সড়ক থাকলেও ভারী যানবাহন শহরের ভেতর দিয়ে চলাচল করছে। এসব কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

এদিকে দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি আইন প্রয়োগ করছে ট্রাফিক পুলিশ। সাতক্ষীরা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুকুল হোসেন জানান, চালক, মালিক-শ্রমিক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে জেলায় সড়ক পরিবহন আইন-২০১৮-এর আওতায় প্রায় দুই হাজার ৩০০টি মামলা করা হয়েছে।

ট্রাফিক পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরে দুই হাজার ২৩৪টি মামলা দায়েরের বিপরীতে ৮৩ লাখ ৬৬ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে নিষ্পত্তি হওয়া দুই হাজার ২৬৮টি মামলার বিপরীতে ৮৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা আদায় হয়েছে।