গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগানে বিএনপি ছাড়লেন বাবা-ছেলে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির সদস্য পদসহ দলটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এক বাবা ও তার ছেলে।
রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার কুশলী ইউনিয়নের চর কুশলী ২নং ওয়ার্ডের নিজ বাড়িতে পদত্যাগের ঘোষণা দেন মো. লুৎফর ফকির ও তার ছেলে মিরান ফকির।
পদত্যাগের কারণ হিসেবে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে মতের অমিল, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন মিরান ফকির। তার দাবি, রাজনীতি সম্পর্কে তেমন ধারণা না থাকা সত্ত্বেও তার বৃদ্ধ বাবাকে ভয়ভীতি দেখিয়ে বিএনপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। একইভাবে তাকেও ভয় দেখিয়ে দলে যুক্ত করা হয়। তবে তাদের কোনো সাংগঠনিক পদ ছিল না, শুধু সদস্য হিসেবে রাখা হয়েছিল।
মিরান ফকির জানান, বিএনপির সঙ্গে প্রায় পাঁচ থেকে সাত মাস সম্পৃক্ত থাকার সময় তারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন। নীলফা বাজারে তার একটি ছোট ব্যবসা রয়েছে। সেখানেও ব্যবসা পরিচালনার সময় তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে দলটির রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে তাদের মতের মিল পাননি। বিশেষ করে মানুষকে আটক, হয়রানি, মারধর, সংঘর্ষ ও বিশৃঙ্খল কর্মকাণ্ড তারা সমর্থন করেন না।
বক্তব্যের একপর্যায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিএনপির সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন মিরান ফকির। ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত না থাকার কথাও জানান তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, তাদের দলত্যাগের খবরটি আমরা ইতোমধ্যে জেনেছি। তবে মিরান ফকিরের করা অভিযোগের কোনো সত্যতা নেই।
