ধলেশ্বরী নদীতে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৩৭ জনের জামিন

মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাটসংলগ্ন মোল্লারচর এলাকায় ধলেশ্বরী নদীতে নোঙর করা একটি নৌযানে জড়ো হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩৩ কিশোরসহ ৩৭ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী পৃথক দুটি আদালতে তাদের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।
৩৩ কিশোরের জামিন আবেদন করা হয় মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। অন্যদিকে, প্রাপ্তবয়স্ক চারজনের জামিন আবেদন করা হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মুন্সীগঞ্জ সদর আমলি আদালতে। শুনানি শেষে দুই আদালতের বিচারকই তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কামরুল ইসলাম জানান, পৃথক দুটি আদালতে শুনানি শেষে ৩৭ জনের জামিন মঞ্জুর হয়েছে। ৩৩ কিশোরকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং প্রাপ্তবয়স্ক চারজনকে সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন দেন।
তিনি আরও জানান, চারজনের বয়স ১৮ বছরের বেশি হওয়ায় তাদের জামিন শুনানি পৃথক আদালতে অনুষ্ঠিত হয়।

