logo

মুন্সীগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান, ছাত্রলীগ সন্দেহে ৩৭ কিশোর আটক

মুন্সীগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান, ছাত্রলীগ সন্দেহে ৩৭ কিশোর আটক
মুন্সীগঞ্জ সদর থানা।

মুন্সীগঞ্জ শহরসংলগ্ন ধলেশ্বরী নদীতে নৌযানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সন্দেহে ৩৭ কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের মোল্লাচর সংলগ্ন নদীতীর থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ধলেশ্বরী নদীতে নোঙর করা কার্গো জাহাজে জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি পালনের বিষয়ে গোপন তথ্য পায় পুলিশ। এ তথ্যের ভিত্তিতে নদীতীরে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় ট্রলারযোগে দলবদ্ধভাবে আসা কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আরও কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। সব মিলিয়ে ৩৭ জনকে আটক করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, এর আগে ওই স্থানে আওয়ামী লীগের কর্মসূচি পালনের ঘটনা ঘটেছিল। সেখানে আবারও একই ধরনের কর্মসূচি পালনের তথ্য ছিল পুলিশের কাছে। এ ঘটনায় মোট ৩৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

আটক কিশোরদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ যাচাই-বাছাই শেষে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।