সূর্যের আলোয় চলছে ডিসি অফিস, মাসে সাশ্রয় লাখ টাকা

শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে বসানো সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতে চলছে দাপ্তরিক কার্যক্রম। নিজেদের বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডেও সরবরাহ করছে কার্যালয়টি। নেট মিটারিং পদ্ধতিতে সরবরাহ করা হচ্ছে অব্যবহৃত বিদ্যুৎ। এতে প্রতি মাসে এক লাখ পাঁচ হাজার টাকার বেশি সাশ্রয় হচ্ছে সরকারি অর্থ। ছুটির দিনে কার্যালয় বন্ধ থাকায় উৎপাদিত বিদ্যুতের বাড়তি অংশও যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।
জানা গেছে, জ্বালানি সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপন করা হয়েছে ৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট। এতে ব্যয় হয়েছে ২৩ লাখ ৮৮ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান রেনকন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্ল্যান্টটি চালু হওয়ায় প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমার পাশাপাশি সরকারি অর্থও সাশ্রয় হচ্ছে।
প্ল্যান্টটিতে স্থাপন করা হয়েছে ৬২৫ ওয়াট ক্ষমতাসম্পন্ন ৯৬টি সৌর প্যানেল। এসব প্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে ইন্টারনেট সংযোগ-সুবিধাসম্পন্ন দুটি অন-গ্রিড ইনভার্টার। চলতি বছরের ২৮ সেপ্টেম্বর থেকে প্ল্যান্টটি বিদ্যুৎ উৎপাদন শুরু করে। উৎপাদিত বিদ্যুতের একটি অংশ জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যবহার করা হচ্ছে। চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে এই সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে ১ হাজার ৪৯৬ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে প্রচলিত জ্বালানির ওপর চাপ কমবে। শেরপুরের সরকারি দপ্তরগুলোর ছাদে সৌর প্যানেল স্থাপন করা গেলে দেড় থেকে দুই মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এতে সরকারি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ করা যাবে।
জেলা প্রশাসকের কার্যালয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের এ উদ্যোগ দেখে আগ্রহী হয়ে উঠছেন সাধারণ মানুষও। অনেকে নিজ উদ্যোগে বাসাবাড়িতে সৌর প্যানেল স্থাপন করছেন। এতে নিজেদের বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি বিদ্যুৎ বিল কমানোর সুযোগ তৈরি হচ্ছে। বর্তমানে শেরপুর জেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দৈনিক চাহিদা ৪৪ মেগাওয়াট। অন্যদিকে পল্লী বিদ্যুতের দৈনিক চাহিদা ৪৫ মেগাওয়াট। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এ চাহিদার একটি অংশ সৌরশক্তির মাধ্যমে পূরণ করা গেলে প্রচলিত বিদ্যুৎ সরবরাহের ওপর চাপ কমবে।
শেরপুরের বাসিন্দা ও জামালপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান এশিয়া পোস্টকে বলেন, ‘সৌর প্যানেল স্থাপনে এককালীন কিছু টাকা খরচ হয়। কিন্তু এর উপকারিতা অনেক বেশি। আমার মনে হয়েছে, প্রত্যেক পরিবারেরই সৌর প্যানেল থাকা উচিত। এতে দেশের বিদ্যুৎ সমস্যাও অনেকাংশে কমে আসবে। আমি নিজেও এর সুফল পাচ্ছি। এখন আর বিদ্যুৎ নিয়ে চিন্তা করতে হয় না।’
নবারুণ পাবলিক স্কুলের অধ্যক্ষ ও জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভর করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। তাই সৌরবিদ্যুতের ব্যবহার এখনই শুরু করা উচিত। সরকারি ও বেসরকারি উভয় পর্যায় থেকেই নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কার্যকর উদ্যোগ নিতে হবে। বিদ্যমান ব্যবস্থাগুলোকে আরও শক্তিশালী করতে হবে। আমরাও আমাদের প্রতিষ্ঠানকে নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনার পরিকল্পনা করছি।’
শহরের নারায়ণপুর এলাকার বাসিন্দা গোলাম কাদরিয়া মুক্তি বলেন, ‘বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হলে অনেক সমস্যার সমাধান সম্ভব। আমিও আমার বাসায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পরিকল্পনা করেছি। এতে নিজেদের চাহিদা মেটানোর পর জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ করতে পারব। এর মাধ্যমে আর্থিকভাবেও লাভবান হওয়ার সুযোগ রয়েছে।’
জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সুশান্ত পাল এশিয়া পোস্টকে বলেন, ‘জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে ৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের একটি অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কার্যালয়টি নিজেদের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে যুক্ত করছে।’
জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাহাবুদ্দিন আহমেদ এশিয়া পোস্টকে বলেন, ‘চলতি বছরের ২৮ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে ৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎকেন্দ্রটি চালু হয়েছে। এর মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে দিনের বেলা বিদ্যুতের চাহিদা পূরণ হচ্ছে। একই সঙ্গে জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে। শেরপুর জেলায় এটিই প্রথম সৌরবিদ্যুৎ কার্যক্রম। এটি একটি অত্যন্ত সম্ভাবনাময় উদ্যোগ।’
তিনি আরও বলেন, ‘জেলায় প্রায় ২৩০টি সরকারি দপ্তর রয়েছে। এসব দপ্তরে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা গেলে দেড় থেকে দুই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এতে সরকারি দপ্তরগুলো নিজেদের বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। এ বিষয়ে আমরা ইতিমধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি এবং চিঠি দিয়েছি। তারা ইতিবাচক সাড়া দিয়েছে। পাশাপাশি বেসরকারি গ্রাহকদেরও সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে। তারাও সৌর প্যানেল স্থাপনে আগ্রহ প্রকাশ করছেন।’
এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এশিয়া পোস্টকে বলেন, ‘আমরা এই সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় চার হাজার ইউনিট বিদ্যুৎ নিজেরা ব্যবহার করছি। কার্যালয়ের দৈনন্দিন কার্যক্রমে এই বিদ্যুৎ কাজে লাগছে। এতে প্রতি মাসে এক লাখ পাঁচ হাজার টাকা সাশ্রয় হচ্ছে। পাশাপাশি ১ হাজার ৪৯৬ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জেলার সব সরকারি দপ্তরে সৌর প্যানেল স্থাপনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত পর্যায়েও এ উদ্যোগ সম্প্রসারণের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে একটি বেসরকারি অফিসে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। ব্যক্তিগত বাসাবাড়িতেও এ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।’

