logo

মা-বাবার খোঁজে ৬ বার আসেন বাংলাদেশে, পথে পথে বিলান লিফলেট

মা-বাবার খোঁজে ৬ বার আসেন বাংলাদেশে, পথে পথে বিলান লিফলেট
মা-বাবার খোঁজে পথে পথে লিফলেট বিলাচ্ছেন দুই ডাচ নাগরিক। ছবি: এশিয়া পোস্ট

জন্মের প্রায় তিন বছর বয়সে দত্তক হয়ে নেদারল্যান্ডসে চলে গিয়েছিলেন রাজীব উদ্দিন। এরপর কেটে গেছে ৪৬ বছরের বেশি সময়। ইউরোপের একটি পরিবারে বেড়ে উঠেছেন, পেয়েছেন উন্নত জীবন। কিন্তু নিজের জন্মদাতা মা-বাবার পরিচয় না জানার শূন্যতা তাকে প্রতিনিয়ত তাড়া করে ফিরছে। সেই শূন্যতা পূরণে বারবার বাংলাদেশে এসেছেন তিনি। কুমিল্লার পথে পথে ঘুরে মানুষের হাতে তুলে দিচ্ছেন লিফলেট। জানতে চাইছেন, কেউ কি তার মা-বাবার সন্ধান দিতে পারবেন?

রাজীবের পাসপোর্ট ও বর্তমান পরিচয়পত্রে নাম হ্যারল্ড ডেভিড রাজীব। তিনি নেদারল্যান্ডসের নাগরিক। ১৯৮০ সালে তাকে দত্তক হিসেবে নেদারল্যান্ডসের একটি পরিবারের কাছে নিয়ে যাওয়া হয়। তখন তার বয়স ছিল প্রায় তিন বছর। বুঝ হওয়ার পর থেকে নিজের জন্মদাতা মা-বাবার সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার একটি হোটেলে কথা হয় রাজীবের সঙ্গে। তার সঙ্গে ছিলেন একইভাবে জন্মদাতা মা-বাবার খোঁজে বাংলাদেশে আসা আরেক ডাচ নাগরিক সেলিনা গোমেজ এবং তাদের দোভাষী মোহাম্মদ ওমর।

রাজীব জানান, কাগজপত্র অনুযায়ী ১৯৭৭ সালে তার জন্ম। জন্মস্থান হিসেবে উল্লেখ রয়েছে বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পেয়ারাকান্দির নাম। তবে তার জন্মস্থানসংক্রান্ত তথ্য কতটা নির্ভরযোগ্য, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, দত্তক নেওয়ার প্রক্রিয়ায় ভুল বা ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে তার ধারণা।

রাজীব বলেন, আমার বয়স যখন প্রায় তিন বছর, তখন আমি মা-বাবাকে হারিয়েছি। নেদারল্যান্ডসে আমার ভালো জীবন আছে। কিন্তু আমার হৃদয়ে একটা শূন্যতা রয়ে গেছে। প্রতিদিন আয়নায় তাকালে মনে হয়, আমি আসলে কে? আমি আমার পরিবারকে খুব মিস করি।

ছয়বার এসেছেন বাংলাদেশে

জন্মদাতা মা-বাবার সন্ধানে ২০১৫ সাল থেকে বাংলাদেশে আসছেন রাজীব। এ পর্যন্ত ছয়বার কুমিল্লা ও আশপাশের এলাকায় এসেছেন তিনি। সর্বশেষ গত মঙ্গলবার বাংলাদেশে আসেন। এবারও বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলছেন। ছাপানো লিফলেটে নিজের শৈশবের সাদাকালো ছবি ও বর্তমানের ছবি দিয়ে মা-বাবার সন্ধান চেয়েছেন। পাশাপাশি যোগাযোগের জন্য দিয়েছেন ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা।

ডাচ নাগরিক রাজীব। ছবি: এশিয়া পোস্ট
ডাচ নাগরিক রাজীব। ছবি: এশিয়া পোস্ট

বৃহস্পতিবার কুমিল্লা নগরের ঝাউতলা ও পুলিশ লাইনস এলাকায় ঘুরে ঘুরে পথচারীদের হাতে লিফলেট তুলে দেন রাজীব। কারও কাছে তার পরিবারের বিষয়ে কোনো তথ্য আছে কি না, তা জানতে চান। রাজীব জানান, প্রথম দিকে অনেকের সঙ্গে কথা বলেছেন তিনি। একপর্যায়ে একজন ব্যক্তি তাকে জানিয়েছিলেন, তিনি রাজীবের জন্মদাতা বাবা হতে পারেন। ওই ব্যক্তিরও বিদেশে অবস্থানকালে একটি সন্তান হারিয়ে যাওয়ার ঘটনা ছিল। পরে রাজীব তার সঙ্গে দেখা করেন এবং ডিএনএ পরীক্ষাও করান। তবে পরীক্ষার ফলে তাদের মধ্যে বাবা-সন্তানের সম্পর্কের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ঘটনাটি তাকে হতাশ করলেও হাল ছাড়েননি রাজীব। পরিবারের সন্ধানে আবারও বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন।তিনি বলেন, আমি খুব হতাশ হয়েছিলাম। এরপরও আশা ছাড়িনি। প্রতি দুই বছর পরপর ফিরে আসার চেষ্টা করেছি। যত দিন না মা-বাবাকে খুঁজে পাচ্ছি, তত দিন চেষ্টা চালিয়ে যাব।

রাজীবের ভাষ্য, ১৯৭৪ থেকে ১৯৮০ সালের মধ্যে বাংলাদেশ থেকে অনেক শিশুকে দত্তক হিসেবে ইউরোপের বিভিন্ন দেশে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে প্রায় ৪৮৭ জন নেদারল্যান্ডসে গিয়েছিলেন বলে তিনি জানতে পেরেছেন। তবে তাদের সবাই সরকারি নথিতে নিবন্ধিত ছিলেন না বলে তার দাবি।

লুঙ্গিতে খুঁজে পান শিকড়ের অনুভূতি

রাজীবের পরনে লুঙ্গি ও কালো টি-শার্ট। বিদেশি নাগরিক হয়েও বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গির প্রতি তার বিশেষ ভালোবাসা রয়েছে। কেন লুঙ্গি পরেন, জানতে চাইলে রাজীব বলেন, আমি লুঙ্গি খুব পছন্দ করি। এটি আমাদের সংস্কৃতির অংশ। নেদারল্যান্ডসে বাড়িতে থাকলেও লুঙ্গি পরি। এতে বাংলাদেশকে, এখানকার মানুষ ও ঐতিহ্যকে মনে পড়ে। মনে হয়, নিজের দেশের কাছাকাছি আছি।

জন্মভূমির স্মৃতি মনে না থাকলেও বাংলাদেশের সংস্কৃতি ও মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক অনুভব করেন তিনি। মা-বাবাকে খুঁজে পাওয়ার পাশাপাশি নিজের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে চান রাজীব।

একই খোঁজে সেলিনা গোমেজ

রাজীবের সঙ্গে বাংলাদেশে এসেছেন সেলিনা গোমেজ। তার জীবনকাহিনিও প্রায় একই। শৈশবে দত্তক হিসেবে নেদারল্যান্ডসে নেওয়া হয়েছিল তাকে। কাগজপত্রে তার জন্মস্থান হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটের নাম উল্লেখ রয়েছে। তবে সেই তথ্যের সত্যতা নিয়েও নিশ্চিত নন তিনি।

ডাচ নাগরিক সেলিনা গোমেজ। ছবি: এশিয়া পোস্ট
ডাচ নাগরিক সেলিনা গোমেজ। ছবি: এশিয়া পোস্ট

নিজের জন্মদাতা মা-বাবার সন্ধানে বারবার বাংলাদেশে আসছেন সেলিনা। তাদের কাছে নিজের বেড়ে ওঠার গল্প তুলে ধরতে চান তিনি। সেলিনা বলেন, আমি আমার মা–বাবাকে খুব মিস করি। তাদের কাছ থেকে আলাদা থাকাটা প্রতিদিন আমাকে কষ্ট দেয়। আমি চাই, তারা জানুন, তাদের মেয়ে কেমন আছে, কীভাবে বড় হয়েছে। আমি চাই, আমরা আবার একসঙ্গে হতে পারি।

বাংলাদেশে প্রথম আসার অভিজ্ঞতা জানিয়ে সেলিনা বলেন, বাংলাদেশের কিছুই আমার মনে ছিল না। কিন্তু প্রথমবার বিমানবন্দর থেকে বের হয়ে এখানকার বাতাস আর চারপাশের শব্দ অনুভব করেছিলাম। সঙ্গে সঙ্গে মনে হয়েছিল, আমি বাড়িতে এসেছি। আমি বাংলাদেশকে সত্যিই খুব ভালোবাসি।

পরিবারের সন্ধানে সহযোগিতার আশ্বাস

বৃহস্পতিবার দুপুরে লিফলেট বিতরণ শেষে রাজীব ও সেলিনা যান কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজীব মাহমুদের সঙ্গে কথা বলেন তারা।

রাজীবের কাগজপত্রে জন্মস্থান হিসেবে নবীনগর উপজেলার পেয়ারাকান্দির নাম উল্লেখ রয়েছে, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন অতিরিক্ত জেলা প্রশাসক।

আলী রাজীব মাহমুদ বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তার পরিবারের সন্ধান পেতে যাতে সহযোগিতা করা যায়, সে চেষ্টা করছি।

আকরাম হোসেন

সম্পাদনা

আকরাম হোসেন

সহকারী বার্তা সম্পাদক | এশিয়া পোস্ট