ম্যানইউর টানে যুক্তরাষ্ট্রকে বিদায়, সংবাদ সম্মেলনেই কাঁদলেন পচেত্তিনো

মাত্র তিন মাস আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলেন। লক্ষ্য ছিল আরও একটি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তাব আসতেই বদলে গেল সব পরিকল্পনা। ইংলিশ ক্লাবটির দায়িত্ব নিতে যুক্তরাষ্ট্র জাতীয় দলকে বিদায় জানাচ্ছেন মরিসিও পচেত্তিনো। তবে সিদ্ধান্তটি মোটেও সহজ ছিল না তার জন্য। বিদায়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সংবাদ সম্মেলনেই কেঁদে ফেললেন আর্জেন্টাইন কোচ।
শুক্রবার (১৩ নভেম্বর) মাইকেল ক্যারিকের উত্তরসূরি হিসেবে পচেত্তিনোকে নতুন প্রধান কোচ নিয়োগের ঘোষণা দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২৯ সালের জুন পর্যন্ত ইংলিশ ক্লাবটির দায়িত্বে থাকবেন তিনি। নিয়োগ নিশ্চিত হওয়ার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র জাতীয় দলের সংবাদ সম্মেলনে হাজির হয়ে নিজের সিদ্ধান্ত নিয়ে কথা বলেন ৫৪ বছর বয়সী এই কোচ।
জর্জিয়ার ফায়েটভিলের জাতীয় দলের অনুশীলনকেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে পচেত্তিনোর পাশে ছিলেন যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের সভাপতি সিন্ডি পারলো কোন ও প্রধান নির্বাহী জেটি ব্যাটসন।
কথা বলতে গিয়ে শুরুতেই আবেগাপ্লুত হয়ে পড়েন পচেত্তিনো। দীর্ঘদিনের সহযোগীদের ধন্যবাদ জানাতে গিয়ে গলা ধরে আসে তার। একপর্যায়ে টিস্যু দিয়ে চোখের পানিও মুছতে দেখা যায় তাঁকে।
আর্জেন্টাইন কোচ বলেন, ‘এই অসাধারণ দেশ এবং এখানকার মানুষদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি এটি। সবাইকে অনেক ধন্যবাদ।’
যুক্তরাষ্ট্রের ফুটবলার ও কোচিং স্টাফদের সঙ্গে কাটানো সময়ের কথা বলতে গিয়ে আবারও আবেগ ধরে রাখতে পারেননি পচেত্তিনো।
তিনি বলেন, ‘গত দুই বছরের জন্য খেলোয়াড় ও কোচিং স্টাফদের অসংখ্য ধন্যবাদ। অসাধারণ একটি প্রকল্পে একসঙ্গে কাজ করে তোমরা আমাকে অনেক আনন্দ দিয়েছ। এখন সেই অধ্যায়ের সমাপ্তি টানা আমার জন্য কঠিন।’
নিজের সিদ্ধান্ত নিয়ে কথা বলার সময় রসিকতাও করেন সাবেক টটেনহ্যাম ও চেলসি কোচ।
পচেত্তিনো বলেন, ‘সাধারণত উল্টোটা হয়। কোচকে বরখাস্ত করা হয়, তখন তিনি থাকতে চেয়ে কাঁদেন। কিন্তু আমার ক্ষেত্রে ঘটছে উল্টোটা। এটি খুবই কঠিন সিদ্ধান্ত। তবে একই সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে আমরা রোমাঞ্চিত।’
যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত তার জন্য কতটা কষ্টের, সেটিও গোপন করেননি তিনি।
পচেত্তিনোর ভাষায়, ‘একদিক থেকে এটি খুবই দুঃখজনক সিদ্ধান্ত। অন্যদিকে আমরা পেশাদার। নিজেদের স্বপ্ন পূরণের জন্য পরবর্তী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি।’
তবে কেন এত দ্রুত সিদ্ধান্ত বদলালেন, সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন পচেত্তিনো।
তিনি বলেন, ‘ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাব থেকে প্রস্তাব খুব বেশি আসে না। এমন সুযোগ সামনে এলে তা ফিরিয়ে দেওয়া কঠিন।’
গত ৩ আগস্ট যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছিলেন পচেত্তিনো। শুধু জাতীয় দলের কোচিং নয়, দেশটির ফুটবল কাঠামোর উন্নয়নেও আরও বড় ভূমিকা রাখার কথা ছিল তাঁর।
কিন্তু সেই চুক্তি নবায়নের মাত্র তিন মাসের মাথায় বদলে গেল পরিস্থিতি।
পচেত্তিনো জানিয়েছেন, আগস্টে নতুন চুক্তি করার সময় প্রিমিয়ার লিগে ফেরার কোনো পরিকল্পনা ছিল না তার। যুক্তরাষ্ট্রের ফুটবল প্রকল্পের প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তিনি।
তাঁর ভাষায়, ‘আমি কখনো বলিনি, প্রিমিয়ার লিগে ফিরতে চাই। যখন আমরা চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটি ছিল ফেডারেশনের প্রতি আমাদের অঙ্গীকার। কিন্তু ভবিষ্যতে কী ঘটবে, তা কেউ জানে না।’
ইউনাইটেডের সঙ্গে আলোচনা কীভাবে এত দ্রুত এগোল, সেটিও জানিয়েছেন আর্জেন্টাইন কোচ।
গত রোববার (৮ নভেম্বর) বিকেল থেকে সম্ভাব্য নিয়োগ নিয়ে যোগাযোগ শুরু হয়। এরপর মাত্র কয়েক দিনের মধ্যেই দুই পক্ষ সমঝোতায় পৌঁছে যায়। পুরো প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের সঙ্গে স্বচ্ছতা বজায় রেখেছেন বলে দাবি করেছেন পচেত্তিনো।
বৃহস্পতিবার সমঝোতা চূড়ান্ত হওয়ার পরই যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ও কোচিং স্টাফদের নিজের সিদ্ধান্ত জানান তিনি।
পচেত্তিনো বলেন, ‘গতকাল যখন সমঝোতা হলো, তখন আমরা বৈঠক করি। খেলোয়াড় ও কোচিং স্টাফদের সবকিছু জানাই। তারা আমাদের সিদ্ধান্তকে সমর্থন করেছে এবং পরিস্থিতি বুঝতে পেরেছে।’
২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন পচেত্তিনো। তার অধীনে চলতি বছরের বিশ্বকাপে শেষ ষোলোয় উঠেছিল স্বাগতিকরা। তবে সেখানে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নিতে হয় তাদের।
বিশ্বকাপের পরও পচেত্তিনোর ওপর আস্থা রেখেছিল যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন। সেই কারণেই তার সঙ্গে আরও চার বছরের চুক্তি করা হয়েছিল। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তাব সেই পরিকল্পনায় পরিবর্তন এনে দিল।
অবশ্য আর্জেন্টাইন কোচকে ছাড়তে মোটা অঙ্কের ক্ষতিপূরণ পাচ্ছে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন। ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পচেত্তিনোকে নিতে প্রায় এক কোটি মার্কিন ডলার দিতে হচ্ছে ইউনাইটেডকে।
ফেডারেশনের প্রধান নির্বাহী জেটি ব্যাটসন জানিয়েছেন, এই অর্থ নতুন কোচ নিয়োগ, যুব জাতীয় দল ও কোচিং শিক্ষার মতো খাতে ব্যবহার করা হবে।
তবে এখনই যুক্তরাষ্ট্রের দায়িত্ব ছাড়ছেন না পচেত্তিনো। কনকাকাফ নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে হাইতির বিপক্ষে শনিবার (১৪ নভেম্বর) ও মঙ্গলবার (১৭ নভেম্বর) দুটি ম্যাচে ডাগআউটে থাকবেন তিনি।
এরপর ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেবেন। নতুন ক্লাবের হয়ে প্রথম পরীক্ষা ২২ নভেম্বর অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে।
নতুন দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনাও আপাতত এড়িয়ে গেছেন পচেত্তিনো।
তিনি বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে কথা বলার জন্য আগামী সপ্তাহে যথেষ্ট সময় পাওয়া যাবে। কিন্তু এখন যুক্তরাষ্ট্রের ফুটবল নিয়ে কথা বলাই ভালো। আমাদের সামনে দুটি ম্যাচ রয়েছে। আপাতত পুরো মনোযোগ সেখানেই।’
বিদায়ের মুহূর্তে সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পচেত্তিনো। জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ফুটবলার ও কর্মকর্তাদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক তাঁর কাছে সবসময় বিশেষ হয়ে থাকবে।
পচেত্তিনোর সামনে এখন সম্পূর্ণ আলাদা এক চ্যালেঞ্জ। প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে মাত্র এক জয় নিয়ে অবনমন অঞ্চলে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে ঘুরে দাঁড় করাতে হবে তাকে।

