logo

ব্রুনোর দ্বিতীয় ‘না’, পচেত্তিনোর সামনে নতুন চ্যালেঞ্জ

ব্রুনোর দ্বিতীয় ‘না’, পচেত্তিনোর সামনে নতুন চ্যালেঞ্জ
দায়িত্ব নেওয়ার আগেই বড় সমস্যায় পচেত্তিনো। ছবি: কোলাজ

মরিসিও পচেত্তিনোকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়ে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু নতুন অধ্যায় শুরুর আগেই বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলারকে নিয়ে। অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ ক্লাবটির দ্বিতীয় চুক্তি নবায়নের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন। ফলে ওল্ড ট্রাফোর্ডে পর্তুগিজ মিডফিল্ডারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস ও বিবিসি স্পোর্ট জানিয়েছে, ব্রুনোর সঙ্গে নতুন চুক্তির বিষয়ে এখনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ইউনাইটেড কর্তৃপক্ষ। এর আগে গত গ্রীষ্মে প্রথম প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। এবার দ্বিতীয় প্রস্তাবেও রাজি হননি তিনি।

তবে ঠিক কবে দ্বিতীয় প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন ব্রুনো, সেটি নিশ্চিত নয়। বিবিসির তথ্য অনুযায়ী, গত কয়েক মাস ধরেই তার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইউনাইটেড। দুই পক্ষের মধ্যে নতুন চুক্তির বিষয়ে এখনো সমঝোতা হয়নি।

বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৭ সালের জুন পর্যন্ত ইউনাইটেডে থাকার কথা ব্রুনোর। তবে চাইলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে ক্লাবটির হাতে। সেই বিকল্প ব্যবহার করলে ২০২৮ সালের জুন পর্যন্ত তাকে ধরে রাখতে পারবে ইউনাইটেড।

বিবিসি জানিয়েছে, নতুন চুক্তিতে সমঝোতা না হলে আগামী ১ জানুয়ারির আগেই এক বছরের মেয়াদ বৃদ্ধির সুযোগ কাজে লাগানোর সম্ভাবনা রয়েছে ইউনাইটেডের। কারণ সেটি না করলে জানুয়ারি থেকে বিদেশি ক্লাবগুলোর সঙ্গে আগাম চুক্তির আলোচনা করতে পারবেন ব্রুনো।

তবে দ্বিতীয় প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ইউনাইটেড ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেননি পর্তুগিজ তারকা। দুই পক্ষের মধ্যে আলোচনা চলমান রয়েছে। ক্লাব কর্তৃপক্ষও অধিনায়ককে ধরে রাখতে আগ্রহী।

ব্রুনোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এমন সময়ে তৈরি হয়েছে, যখন বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে ইউনাইটেড। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মাইকেল ক্যারিককে বরখাস্ত করার পর শুক্রবার পচেত্তিনোকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্লাবটি।

আর্জেন্টাইন এই কোচের সঙ্গে ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে ইউনাইটেড। তবে এখনই দায়িত্ব নিচ্ছেন না তিনি। যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে চলতি আন্তর্জাতিক বিরতির দুটি ম্যাচ শেষ করে আগামী বুধবার (১৮ নভেম্বর) নতুন দায়িত্ব শুরু করবেন পচেত্তিনো।

তার প্রথম ম্যাচ আগামী ২২ নভেম্বর লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে।

নতুন কোচের আগমন ব্রুনোর সিদ্ধান্তে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশা করছে ইউনাইটেড কর্তৃপক্ষ। আর্জেন্টাইন এই কোচের সঙ্গে পর্তুগিজ মিডফিল্ডারের যোগাযোগ অবশ্য নতুন নয়।

২০১৯ সালে টটেনহ্যামের কোচ থাকার সময় ব্রুনোকে দলে নিতে চেয়েছিলেন পচেত্তিনো। সে সময় স্পোর্টিং লিসবনের সঙ্গে সমঝোতা না হওয়ায় সেই দলবদল হয়নি। পরের বছর জানুয়ারিতে ইউনাইটেডে যোগ দেন ব্রুনো।

এরপর থেকে ওল্ড ট্রাফোর্ডের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলারে পরিণত হয়েছেন তিনি। ২০২৩ সালে হ্যারি ম্যাগুয়েরের জায়গায় দলের অধিনায়কত্ব পান। মাঠের পারফরম্যান্স এবং নেতৃত্বে ইউনাইটেডের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন পর্তুগিজ তারকা।

বিশেষ করে গত মৌসুমে অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দিয়েছিলেন ব্রুনো। ২০২৫-২৬ প্রিমিয়ার লিগে রেকর্ড ২১টি গোলে সহায়তা করেন তিনি। ভেঙে দেন থিয়েরি অঁরি ও কেভিন ডি ব্রুইনার যৌথভাবে গড়া এক মৌসুমে ২০ অ্যাসিস্টের রেকর্ড।

সেই পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন ব্রুনো। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়ার পাশাপাশি পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফএর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি। হয়েছেন প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলারও।

এর আগে সৌদি আরবের আল হিলালের বড় অঙ্কের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন ব্রুনো। ২০২৫ সালের জুনে পর্তুগিজ তারকাকে দলে নিতে ইউনাইটেডকে প্রায় ১০ কোটি পাউন্ড দেওয়ার প্রস্তুতি ছিল সৌদি ক্লাবটির। ব্রুনোর সাপ্তাহিক আড়াই লাখ পাউন্ড বেতন প্রায় তিন গুণ করার প্রস্তাবও দেওয়া হয়েছিল।

কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইউনাইটেডেই থেকে যান তিনি। গত আগস্টে তুরস্কের গালাতাসারাইও তার প্রতি আগ্রহ দেখিয়েছিল। তখনো অধিনায়ককে বিক্রি করতে রাজি হয়নি ইংলিশ ক্লাবটি।

তবে এবার পরিস্থিতি ভিন্ন। গত মৌসুমে প্রিমিয়ার লিগে তৃতীয় হয়ে চ্যাম্পিয়নস লিগে ফেরা ইউনাইটেড চলতি মৌসুমে শুরু থেকেই বিপর্যস্ত। প্রথম ১০ ম্যাচে মাত্র এক জয় এবং ৮ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে নেমে গেছে দলটি। গত চার দশকে লিগে এটিই তাদের সবচেয়ে বাজে শুরু।

দলের ব্যর্থতার প্রভাব পড়েছে ব্রুনোর পারফরম্যান্সেও। গত মৌসুমে রেকর্ড গড়া এই মিডফিল্ডার চলতি মৌসুমে নিজের সেরা ছন্দ ধরে রাখতে পারেননি।

ক্যারিকের অধীনে শেষদিকে কৌশলগত সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন ব্রুনো। গত অক্টোবরে চ্যাম্পিয়নস লিগে কোমোর কাছে ৪-১ গোলে হারের পর দলের খেলার ধরন নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন তিনি। পরবর্তী ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে তাকে শুরুর একাদশেও রাখেননি ক্যারিক।

তবে পরে দুজনের মধ্যে আলোচনা হয় এবং কোচের সঙ্গে সম্পর্কের অবনতির কথা অস্বীকার করেন ব্রুনো।

এমন অবস্থায় পচেত্তিনোর আগমন নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। টটেনহ্যামে হ্যারি কেইন ও দেলে আলি এবং চেলসিতে কোল পালমারের মতো আক্রমণাত্মক ফুটবলারদের কাছ থেকে সেরা পারফরম্যান্স বের করে আনার অভিজ্ঞতা রয়েছে তার।

সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্রুনোকেও আবার সেরা ছন্দে ফেরানোর চেষ্টা করতে পারেন আর্জেন্টাইন কোচ। তবে তার আগে অধিনায়ককে দীর্ঘ মেয়াদে ক্লাবে ধরে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে ইউনাইটেডকে।

পচেত্তিনোর সামনে তাই শুরুতেই দুটি বড় চ্যালেঞ্জ। মাঠে ইউনাইটেডকে জয়ের ধারায় ফেরানো এবং দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলারের ভবিষ্যৎ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটানো।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট