আশুলিয়ায় একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল আশুলিয়ার সার্বিক কর্মপরিবেশ ও উৎপাদন ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে একের পর এক কারখানা বন্ধ ঘোষণা করছে মালিকপক্ষ। ইতোমধ্যে নিউএইজ গ্রুপ, অরুণিমা গ্রুপ, এমএম নীটওয়্যারসহ ২১টিরও বেশি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সরেজমিনে আশুলিয়ার নরসিংহপুর, জামগড়াসহ আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ কারখানার প্রধান ফটকের সামনে কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে রাখা হয়েছে। শ্রমিকদের কর্মবিরতি, কারখানার ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি ও মারামারির ঘটনায় নিউএইজ গ্রুপ গত ১০ নভেম্বর এবং অরুণিমা গ্রুপ ও এমএম নীটওয়্যার লিমিটেড ১২ নভেম্বর থেকে তাদের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
এদিকে চলমান অসন্তোষের জেরে ১৪ নভেম্বর থেকে আরও বেশ কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। বন্ধ ঘোষিত কারখানাগুলোর মধ্যে রয়েছে চান্তিক গার্মেন্টস লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, আজমত অ্যাপারেলস লিমিটেড (আজমত গ্রুপ), ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস অ্যাপারেলস লিমিটেড, ঈগল টেক্সটাইল, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড, এস-২১ অ্যাপারেলস লিমিটেড, এনভয় গ্রুপ, রেডিয়্যান্স নীটওয়্যার লিমিটেড, নিউএইজ গার্মেন্টস লিমিটেড, কাইলক নিউএইজ বিডি লিমিটেড, নিউএইজ অ্যাপারেলস লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেড, এনভয় ফ্যাশন লিমিটেড এবং এনভয় ডিজাইন লিমিটেড।
সংশ্লিষ্ট কারখানাগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পাঠানো নোটিশ সূত্রে জানা যায়, শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের কারণে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছিল। বহুবার আলোচনা ও সমঝোতার মাধ্যমে শ্রমিকদের কাজে ফেরার অনুরোধ জানানো হলেও তারা কর্মবিরতি পালন করেন এবং কারখানা থেকে বেরিয়ে যান। কারখানার অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন ও সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধের নোটিশ জারি করে। পাশাপাশি বেশ কিছু কারখানায় শনিবার থেকে সাধারণ ছুটি ঘোষণার নোটিশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ম্যাকপাই গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার (এইচআর, অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স) সাব্বির সিদ্দিকী জানান, চলমান অসন্তোষের মুখে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানানো হলেও তারা কাজ না করে চলে যান। সার্বিক পরিস্থিতির কারণেই মূলত কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
