logo

এজিএমের চাকরির কিছু হলে আমি দোষী থাকব, আসিফ মাহমুদকে নুসরাত

এজিএমের চাকরির কিছু হলে আমি দোষী থাকব, আসিফ মাহমুদকে নুসরাত
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন। ছবি: কোলাজ

কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্রামের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে পল্লী বিদ্যুতের এক কর্মকর্তার দেওয়া বক্তব্য প্রকাশ্যে আসার পর প্রতিক্রিয়া জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতি।

এ বিষয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক দেওয়া একটি পোস্ট শেয়ার করে তাকে উদ্দেশ করে নুসরাত লিখেছেন, ‘আসিফ মাহমুদ ভাই, এগুলা প্রকাশ করে ঠিক করেননি। এখন এজিএম সাহেবের চাকরির কিছু হয়ে গেলে আমি দোষী হয়ে থাকব!’

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে আসিফ মাহমুদ ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে লেখেন, ‘কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. তোজাম্মেল হক জানিয়েছেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে গত পরশু কোনো শর্টসার্কিটের ঘটনা ঘটেনি।’

তিনি আরও লেখেন, ‘অথচ সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হামলাকারী আগুন সন্ত্রাসীদের দায়মুক্তি দিয়েছিলেন এই শর্টসার্কিটের দোহাই দিয়ে।’

আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট নিজের আইডিতে শেয়ার করেন নুসরাত। ছবি: তার ফেসবুক আইডি থেকে নেওয়া
আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট নিজের আইডিতে শেয়ার করেন নুসরাত। ছবি: তার ফেসবুক আইডি থেকে নেওয়া

পোস্টের সঙ্গে হাতে লেখা তদন্ত-সংক্রান্ত চারটি কাগজের ছবিও প্রকাশ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এর প্রায় এক ঘণ্টা পর নুসরাত তাবাসসুম নিজের ফেসবুক পেজে আসিফ মাহমুদের পোস্টটি শেয়ার করেন। একই সঙ্গে এজিএমের চাকরি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওই মন্তব্য করেন তিনি।

এদিকে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম-ওএন্ডএম) তোজাম্মেল হক দাবি করে বলেছেন, ‘নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একতলা একটি ভবনের কয়েকটি কক্ষ পুড়ে যায় এবং দুটি ছাগল আগুনে পুড়ে মারা যায় বলে জানা গেছে।

এ ঘটনায় পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।