১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কয়েক শ্রেণির মানুষ, যেভাবে বিতরণ

সারা দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক কাঠামোর মধ্যে আনতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিলের আওতায় ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে বার্ষিক ১ শতাংশ সুদে অর্থ নিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে।
ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, স্বল্প আয়ের পেশাজীবীসহ প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করে তাদের জীবনমান উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর লক্ষে এ উদ্যোগ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক।
একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো জামানত লাগবে না। ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ পাঁচ বছর।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ এ বিষয়ে নতুন নীতিমালা জারি করে।
নীতিমালায় দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় ঋণের যোগ্যতা, পরিমাণ, সুদের হার, জামানত এবং বিতরণপ্রক্রিয়া বিস্তারিত তুলে ধরা হয়েছে।
কারা পাচ্ছেন এই ঋণ
বাংলাদেশ ব্যাংক জানায়, এই ঋণ কর্মসূচিতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন পাড়া-মহল্লা ও গ্রামভিত্তিক অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দরজি, রিকশাচালক, ভ্যানচালক, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি ও প্লাম্বার। এ ছাড়া, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস যন্ত্র মেরামতকারী, আচার ও পিঠা প্রস্তুতকারী, ক্ষুদ্র তাঁতি এবং চা-শ্রমিকরাও এ ঋণের জন্য বিবেচিত হবেন।
ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে মুদি ও মনিহারি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী, মোবাইল রিচার্জ ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এজেন্ট, তথ্যসেবা ও ইন্টারনেট সেবাদাতা, ভাসমান খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, বই-পত্রিকা বিক্রেতা এবং ফুল, ফল ও শাকসবজি বিক্রেতারা ঋণ পাওয়ার সুযোগ পাবেন। হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারীরাও এ তালিকায় রয়েছেন।
আরও যারা পাবেন
এ ছাড়া ফ্রিল্যান্সিং, নার্সারি, বৃক্ষরোপণ, সূচিশিল্প, ব্লক-বাটিক, কুটির শিল্প, হস্তশিল্প, বিভিন্ন ধরনের খাবার তৈরি এবং সম্ভাবনাময় উদ্ভাবনী কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিরা ঋণ নিতে পারবেন। আয়বর্ধক কর্মকাণ্ড পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদেরও এ ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
কৃষকদের মধ্যে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকরা অগ্রাধিকার পাবেন। এ জন্য তাদের ১০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। তবে স্মার্ট কার্ড না থাকলেও কোনো প্রান্তিক বা ভূমিহীন কৃষক যাতে ঋণ পাওয়া থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে ব্যাংকগুলোকে সচেষ্ট থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
ঋণ পাবেন প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষও
এ তহবিলের ঋণের অন্তত ২৫ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখতে হবে। নারী উদ্যোক্তাদের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষও অগ্রাধিকার ভিত্তিতে ঋণ পাবেন। এ ছাড়া নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, মঙ্গা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভবনধস ও করোনার মতো মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্বল্প আয়ের পেশাজীবীদের এ কর্মসূচির আওতায় আনা হয়েছে।
উপকূলীয়, চর ও হাওর এলাকার স্বল্প আয়ের মানুষ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যরাও ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
প্রবাসীদের রেমিট্যান্স সুবিধাভোগী পরিবারের সদস্য, বিদেশফেরত শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের জন্যও ঋণের সুযোগ রয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের গ্রাহকরা যেকোনো আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য এ ঋণ নিতে পারবেন।
নতুন এ কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীসহ সুবিধাবঞ্চিত ও অসচ্ছল ২৫ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ পেতে পারেন। তবে এ ক্ষেত্রে অভিভাবকের ঋণ পরিশোধের নিশ্চয়তা থাকতে হবে।
এ ছাড়া এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় নির্বাহ এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কেনার জন্যও ঋণ দেওয়া যাবে। এসব ক্ষেত্রেও অভিভাবকের পরিশোধের নিশ্চয়তা প্রয়োজন হবে।
ঋণ পেতে লাগবে অ্যাকাউন্ট
নীতিমালায় আরও জানানো হয়, একজন গ্রাহক বা অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। অন্যদিকে দলগতভাবে ঋণ নেওয়ার সর্বোচ্চ সীমা ৪০ লাখ টাকা। দলগত ঋণের জন্য দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করতে হবে। এ ক্ষেত্রে প্রত্যেক সদস্য সর্বোচ্চ ৮ লাখ টাকা করে ঋণ নিতে পারবেন। দলের সব সদস্য ব্যক্তিগত ও যৌথভাবে ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকবেন।
ঋণ পেতে গ্রাহকের ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। আগে থেকে এমন হিসাব না থাকলে নতুন করে খুলতে হবে। ঋণ অনুমোদনের পর অর্থ সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে জমা হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে কোনো জামানত দিতে হবে না। তবে ৫ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে যৌক্তিক সহায়ক জামানত চাইতে পারবে ব্যাংক। এ ছাড়া ২৫ হাজার টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক নিজস্ব বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধা নিতে পারবে। এ জন্য প্রয়োজনীয় গ্যারান্টি ফি ব্যাংককে নিজস্ব উৎস থেকে পরিশোধ করতে হবে।
বাংলাদেশ ব্যাংক থেকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা নিয়ে ব্যাংকগুলো গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও এ কর্মসূচির আওতায় অর্থায়ন করতে পারবে। তবে তাদের আদায় করা মুনাফার হারও বার্ষিক ৭ শতাংশের বেশি হতে পারবে না। ঋণ পরিশোধের সর্বোচ্চ সময় পাঁচ বছর বা ৬০ মাস। এ সময়ের মধ্যে সর্বোচ্চ ছয় মাস গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি দেওয়ার সুযোগ রয়েছে।
গ্রাহকের ক্ষেত্রে ব্যাংক মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর অথবা বার্ষিক ভিত্তিতে কিস্তি নির্ধারণ করতে পারবে। অন্যদিকে গ্রেস পিরিয়ড বাদ দিয়ে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের কাছে ত্রৈমাসিক কিস্তিতে আসল, সুদ বা মুনাফা এবং সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে।
ঋণ অনুমোদনের আগে গ্রাহকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি প্রতিবেদন সংগ্রহ করতে হবে। তবে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ বা বিনিয়োগের ক্ষেত্রে সিআইবি প্রতিবেদন সংগ্রহের জন্য গ্রাহকের কাছ থেকে কোনো চার্জ বা ফি নেওয়া যাবে না।
যেভাবে আবেদন ও ঋণ বিতরণ
ব্যাংকের শাখা ও উপশাখার পাশাপাশি এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, অনলাইন ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও এ ঋণ বিতরণ করা যাবে।
এজেন্ট ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঋণ বিতরণ ও আদায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত সার্ভিস চার্জ নেওয়া যাবে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শিডিউল অব চার্জেসের বাইরে ঋণ বা বিনিয়োগের প্রসেসিং ফি বাবদ গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ঋণের অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নিয়মিত তদারকি করতে হবে। পাশাপাশি ঋণ বিতরণ ও আদায়ের অগ্রগতি নিয়ে প্রতি তিন মাস পর পর প্রতিবেদন তৈরি করে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।

