শেখ হাসিনার ফেরা নিয়ে যে আভাস দিলেন দিল্লির কর্মকর্তারা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ তার দলের শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন অনেক আগে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তবে জেনেবুঝে ফাঁসিতে ঝোলানোর জন্য শেখ হাসিনাকে এগিয়ে দেবে না বলে আভাস দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।
প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি যে ভারত সরকারের জন্য ক্রমেই বিব্রতকর একটা ইস্যু হয়ে উঠেছে, এটা কোনো গোপন বিষয় নয়। শুধু ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতকে শুনতে হচ্ছে যে গণহত্যায় অভিযুক্ত একজন দণ্ডিত অপরাধীকে তারা দিনের পর দিন আশ্রয় দিয়ে রেখেছে।
গত কয়েক মাস আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরেই তিনি দেশে ফিরবেন। তবে এখন পর্যন্ত তিনি সেই ঘোষণাতেই অনড় আছেন বলে খবর আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। যদিও শেখ হাসিনার ফেরার কোনো নির্দিষ্ট দিন-তারিখ জানানো হয়নি।
এদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ভারত। বিষয়টি আইনের ওপর ছেড়ে দিয়েছে দেশটি।
সম্প্রতি ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পাসপোর্টের আবেদন করা হয়েছে, গণমাধ্যমের এমন খবরে সেই আলোচনা আরও বেড়েছে। তিনি কীভাবে দেশে ফিরবেন, ট্রাভেল পাস, নাকি প্রত্যর্পণ চুক্তি–কোন পথে খুলতে পারে তার ফেরার দরজা, এ নিয়ে না মহলে প্রশ্ন উঠেছে। যদিও বিএনপি সরকার ট্রাভেল পাস না দিয়ে ভারতের সঙ্গে থাকা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার কথা জানিয়ে দিয়েছে।
শেখ হাসিনার ঘোষণার সঙ্গে ভারতের যোগ কতটা
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, এর সহজ উত্তর হলো, ভারতের প্রচ্ছন্ন সম্মতি বা অনুমোদন ছাড়া শেখ হাসিনা নিজে থেকে এই ঘোষণা করেননি।
অন্যভাবে বললে, শেখ হাসিনা ও দিল্লি—দুপক্ষই এই ব্যাপারে একমত হয়েছে বলেই এই ঘোষণা এসেছে।
ভারত কী চায়, কোন শর্তে দেশে ফিরবেন শেখ হাসিনা
দিল্লিতে সরকারি কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য ভারতের প্রধান শর্ত মূলত দুটো—প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে, তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।
সেই প্রক্রিয়া আকাশপথ কিংবা স্থলপথে হতে পারে। মানে বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে, আবার স্থলসীমান্তের কোনো পয়েন্টে এসেও সে দেশের সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে। এর জন্য দিল্লির তরফে যে ধরনের ‘লজিস্টিকাল’ প্রস্তুতি বা আয়োজন দরকার, ভারত সেটা করার জন্যও তৈরি আছে।
দ্বিতীয় শর্ত হলো, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়, বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।
তবে এই দাবিটা যাতে বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা না হয়, সে ব্যাপারেও ভারত অতিমাত্রায় সতর্ক থাকতে চাইছে এবং প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্যও করছে না।
দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষ্য, আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব। সেই বিচার যাতে আন্তর্জাতিক বিশ্বের ও গ্লোবাল মিডিয়ার নজরদারিতে হয়, সেটাও ভারত নিশ্চিত করতে চাইবে বলে জানান তিনি।
এই দুটো শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যাতে প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।
দুই দেশের সেনাবাহিনীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ
বিবিসি বাংলা বলছে, গত অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী যখন কিছুটা আকস্মিকভাবে এক অনির্ধারিত সফরে দিল্লিতে আসেন, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও তিনি দেখা করেছিলেন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও।
ভারতের একটি শীর্ষ সামরিক সূত্র তখন বিবিসিকে বলেন, ‘বাংলাদেশে আমাদের হাই কমিশনারের দিল্লিতে এসে আর্মি চিফের সঙ্গে দেখা করার এমনিতে কোনো কারণই নেই, যদি না বিশেষ কোনো পরিস্থিতিতে বিশেষ কোনো কারণ থাকে।’
তিনি আভাস দিয়েছিলেন, সেই কারণটা আর কিছুই নয়–শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সেনাবাহিনীরও একটা সক্রিয় ভূমিকা নিশ্চিত করা।
বস্তুত গত দু-আড়াই বছরে ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কে যতই ওঠাপড়া থাক, দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে নিয়মিত যোগাযোগ থেকেছে এবং তাতে কখনোই কোনো ছেদ পড়েনি।
ভারতে ঠিক এর আগের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে ও তার পূর্বসূরীরাও একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন, ‘চব্বিশের জুলাইয়ের আগে থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে তাদের প্রতি সপ্তাহে কথা হয় এবং হয়ে এসেছে।’
দুই সেনাবাহিনীর মধ্যে এই সহজ, স্বাভাবিক সম্পর্কটা শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রেও কাজে লাগানো হোক, এটাই ভারত চাইছে বলে ওই সূত্রটি ইঙ্গিত দিয়েছিলেন।
তিনি তখন বলেছিলেন, ‘দেশে ফিরে গেলে শেখ হাসিনার সুরক্ষা ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে না, এটাও তো ভারত নিশ্চিত করতে চাইবে। কারণ চাই বা না চাই, এই দায়িত্ব এই মুহূর্তে ভারতের কাঁধেই এসে পড়েছে।’
ফলে বাংলাদেশে ফিরে গেলে শেখ হাসিনার সুরক্ষা ও নিরাপত্তার ভার সে দেশের সেনাবাহিনীই নিক, এটাও ভারত চাইছে।
ডিসেম্বরে শেখ হাসিনা আদৌ ফিরতে পারবেন কি না, ভারত কী ভাবছে
এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া এই মুহূর্তে খুব কঠিন, তবে ভারত মনে করছে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে প্রধান বাধা অন্য জায়গায়। দিল্লিতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এই প্রতিবেদককে বলেছেন, তাদের ধারণা মুখে যতই বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাক, আসলে ঢাকা মোটেই চায় না সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরুন।
কর্মকর্তারা বলছেন, ‘জ্বালানি খাতের সংকট থেকে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ–বাংলাদেশ সরকার এমনিতেই নানা সমস্যায় জর্জরিত। এই পরিস্থিতিতে শেখ হাসিনা ফিরলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে বলে তাদের আশঙ্কা, এমনটাই আমাদের মনে হচ্ছে।’
তার ওপর শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে অনেকগুলো ‘যদি’ বা ‘কিন্তু’ আছে–যেমনটা এই প্রতিবেদনে আগেই ব্যাখ্যা করা হয়েছে। এই জিগস পাজলের সব টুকরো খাপে খাপে মিলে যাবে, তাও আগামী দুই-তিন সপ্তাহের ভেতর, সেই সম্ভাবনা বেশ সুদূরপরাহত বলেই এই মুহূর্তে ধারণা করা হচ্ছে।
ফলে অচিরেই ঘটনাপ্রবাহ যদি খুব নাটকীয় মোড় না নেয়, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ বলেই দিল্লিতে বেশির ভাগ পর্যবেক্ষকের অভিমত।


