অল্পের জন্য বাঁচলেন এমপি, ১০ গাড়ির সংঘর্ষে ঝরল বিএনপি নেতার প্রাণ

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ডলফিন পরিবহনের একটি বাসের ব্রেক বিকল হয়ে ট্রাকসহ ১০টি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক স্থানীয় বিএনপি নেতাসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ওই নেতার মৃত্যু হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস ফকির (৫৫) মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ছিলেন।
কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ডলফিন পরিবহনের একটি বাসের ব্রেক বিকল হয়ে প্রথমে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একে একে অন্যান্য যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে মোট ১০টি গাড়ি ও একটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয় এবং চালক ও যাত্রীসহ অর্ধশতাধিক মানুষ আহত হন।
গুরুতর আহত অবস্থায় ইলিয়াস ফকিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর আহত অন্যদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার সময় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরও সংঘর্ষের কবলে পড়ে। এতে বহরের চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডলফিন পরিবহনের বাসটির ব্রেক বিকল হয়ে এই দুর্ঘটনার সূত্রপাত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

-74bc27.jpg)