logo

রাজধানীতে ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

রাজধানীতে ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর
ঘটনাস্থল। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মহাখালীতে ‘দূরবীন বাংলা’ নামের একটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। খাবার পরিবেশনে বিলম্বকে কেন্দ্র করে সরকারি তিতুমীর কলেজের একদল শিক্ষার্থীর বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী রেস্তোরাঁর কর্মচারীদের মারধর শুরু করেন। পরে আরও এক থেকে দেড় শ তরুণ এসে রেস্তোরাঁয় ভাঙচুর চালায়।

এ বিষয়ে রেস্তোরাঁর কর্ণধার সাফিন বেগ বলেন, ‘প্রথমে একটি ছেলে এসেছিল। একটি চেয়ার খালি হওয়ার পর তিনি সেখানে বসে পড়েন। ওই আসনটির জন্য একটি পরিবার আগে থেকেই অপেক্ষা করছিল। ছেলেটি বসে পড়ার পর ওই পরিবারের সদস্যদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় আমাদের একজন কর্মী বিষয়টি মীমাংসা করতে এগিয়ে যান। তরুণটি সম্ভবত শিক্ষার্থী, এটি বুঝতে পেরে আমাদের কর্মী তাকে অন্য একটি আসনের ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন। কিন্তু এতেই তিনি ক্ষিপ্ত হয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান।’

তিনি আরও বলেন, ‘কিছুক্ষণ পর তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে আসেন। প্রথমে রেস্তোরাঁর বাইরে আমাদের কর্মী খলিলকে বেধড়ক মারধর করেন। এরপর শুরু হয় ভাঙচুর। পুরো ঘটনাটিই আমাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজে রয়েছে।’

খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রুহুল কবীর খানসহ পুলিশের কর্মকর্তারা।

রুহুল কবীর খান বলেন, ‘তিতুমীরের ছেলেরা এখানে ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিসিটিভি ফুটেজ রয়েছে। সেগুলো পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের কাজ চলছে।’

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘খাবার অর্ডার নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের ঝগড়া ও হাতাহাতি হয়। পরে শিক্ষার্থীরা আরও সহপাঠীদের ডেকে এনে রেস্তোরাঁর ভেতরে ভাঙচুর চালান।

এ ঘটনায় এখন পর্যন্ত রেস্তোরাঁ কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট