logo

বিদেশে পাঠানোর টাকা নিয়ে বিরোধ, দিনমজুরকে কুপিয়ে হত্যা

বিদেশে পাঠানোর টাকা নিয়ে বিরোধ, দিনমজুরকে কুপিয়ে হত্যা
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

ঝিনাইদহের মহেশপুরে জমিতে পাকা কলাই কাটার সময় আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাঁসুয়ার কোপে নূর মোহাম্মদ (৪৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ১০ নম্বর যাদবপুর ইউনিয়নের পুড়াদহ মাঠে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত নূর মোহাম্মদ (৪৫) মহেশপুর উপজেলার মান্দারতলা গ্রামের হানেফ আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত জসিম (৩৫) একই উপজেলার পুড়াদহ গ্রামের লুৎফর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পুড়াদহ মাঠে পাশাপাশি নিজেদের জমিতে পাকা কলাই কাটছিলেন নূর মোহাম্মদ ও জসিম। এ সময় নূর মোহাম্মদের খালাতো বোনের জামাতা বিল্লালকে বিদেশে পাঠানোর জন্য জসিমের সঙ্গে করা আর্থিক লেনদেনের বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে উত্তেজিত হয়ে জসিম তার হাতে থাকা হাঁসুয়া দিয়ে নূর মোহাম্মদের মাথা, ঘাড় ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেন। এতে নূর মোহাম্মদ গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম পলাতক। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট