logo

কোরআনে আছে বিপদ কাটিয়ে ওঠার চার উপায়

কোরআনে আছে বিপদ কাটিয়ে ওঠার চার উপায়
নানাবিধ বাধার কারণে কখনো কখনো আমাদের স্বপ্ন থমকে যায়। ছবি: অ্যাবাউট ইসলাম

জীবনের পথে চলতে গিয়ে আমরা প্রায়ই এমন সব বাধার সম্মুখীন হই, যা আমাদের স্বপ্ন ও লক্ষ্য পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়। নানাবিধ বাধার কারণে কখনো কখনো আমাদের স্বপ্ন থমকে যায়। গতি হারিয়ে ফেলি আমরা। পড়ে যায় ক্ষতির মধ্যে। কোরআনে আছে, ‘সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিপতিত। তবে তারা ছাড়া, যারা ইমান এনেছে, সৎকাজ করেছে এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ও ধৈর্যের উপদেশ দিয়েছে।’ (সুরা আসর, আয়াত: ১-৩)

কোরআনে আরও বলা হয়েছে, ‘অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি এবং ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের।’ (সুরা বাকারা, আয়াত: ১৫৫)

আয়াত দুটি থেকে বোঝা যায়, জীবন চলার পথে মানুষকে কোনো না কোনো ক্ষতির মধ্য দিয়ে যেতেই হবে। তা হতে পারে সুস্বাস্থ্য হারানো, সম্পদ নষ্ট হয়ে যাওয়া, প্রিয়জনের বিয়োগ কিংবা প্রিয় কোনো বস্তু হারানো। কখনো কখনো তা হতে পারে আরও কঠিন কিছু। তবে এই ক্ষতিগুলো যদি সঠিকভাবে মোকাবিলা করা না যায়, তবে বিপদ বা ক্ষতি আরও বাড়তে পারে। ফলে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন হতে পারে। দূরত্ব বাড়তে পারে জান্নাতের সঙ্গে।

প্রশ্ন হলো, জীবনের এই অনিবার্য ক্ষতিগুলো আমরা কীভাবে কাটিয়ে উঠব? কীভাবে ক্ষত সারিয়ে ও দুশ্চিন্তা ঝেড়ে ফেলে জীবনের উদ্দেশ্য পূরণে এগিয়ে যাব এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক অটুট রাখব?

প্রথমেই মনে রাখা প্রয়োজন, হারানো বা ক্ষতি জীবনেরই একটি স্বাভাবিক অংশ। এই পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী ও পরিবর্তনশীল। আমরা যেমন অনেক দুঃখ ও বেদনার মুখোমুখি হই, তেমনি বহু আনন্দ ও স্বস্তিও লাভ করি। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমার রবের কাছেই সবকিছুর সমাপ্তি। এবং তিনিই হাসান ও কাঁদান এবং তিনিই মারেন ও বাঁচান।’ (সুরা নাজম, আয়াত: ৪২-৪৪)

আমাদের স্বাস্থ্য, সম্পদ এবং প্রিয়জন- সবই মহান আল্লাহর দেওয়া অনুগ্রহ ও আমানত। তিনি নির্দিষ্ট সময়ের জন্য আমাদের এগুলো ধার দিয়েছেন মাত্র। কিন্তু আমরা প্রায়ই এই সত্য ভুলে যাই; দাতার চেয়ে দানের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ি। ফলে তিনি তাঁর অসীম প্রজ্ঞায় যখন কোনো নেয়ামত ফিরিয়ে নেন, তখন আমরা ভেঙে পড়ি। অথচ একজন মুমিনের জন্য সুখ ও দুঃখ উভয়ই ধৈর্য ও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিনের বিষয়টি বড়ই বিস্ময়কর! তার প্রতিটি কাজই কল্যাণকর, আর এটি শুধু মুমিনের ক্ষেত্রেই হয়ে থাকে। যদি তার কোনো আনন্দদায়ক কিছু ঘটে, তবে সে কৃতজ্ঞতা প্রকাশ করে, যা তার জন্য কল্যাণকর। আর যদি কোনো ক্ষতিকর কিছু ঘটে, তবে সে ধৈর্য ধারণ করে; এটিও তার জন্য কল্যাণকর।’ (সহিহ মুসলিম)

চারটি মূলনীতির মাধ্যমে আমরা যে কোনো ক্ষতি কাটিয়ে উঠে প্রশান্তি ও সফলতার পথে ফিরতে পারি-

আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস

আল্লাহ, তাঁর রাসুল (সা.) এবং পবিত্র কোরআনের প্রতি অটল বিশ্বাস আমাদের এই উপলব্ধি দেয় যে, এই পৃথিবীর জীবন একটি পরীক্ষা ও সুযোগমাত্র। এই সুযোগ কাজে লাগিয়েই আমরা ইহকাল ও পরকালের চূড়ান্ত সুখ অর্জন করতে পারি। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, তোমাদের পরীক্ষা করার জন্য- কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল।’ (সুরা মুলক, আয়াত: ২)

ভালো কাজ করা

আল্লাহ বলেন, ‘মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকাজ করবে, অবশ্যই আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করব।’ (সুরা নাহল, আয়াত: ৯৭)

পৃথিবীতে আমাদের অবস্থান অত্যন্ত সংক্ষিপ্ত। তাই সৎকর্ম করতে হবে। চরিত্রকে পবিত্র করতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমি তো শুধু উত্তম চরিত্রের পূর্ণতা সাধনের জন্যই প্রেরিত হয়েছি।’ (হাদিস)

পরস্পরকে সত্যের উপদেশ দেওয়া

নিজে সব সময় সত্যের ওপর থেকে সত্যকে আঁকড়ে ধরতে হবে। অন্য মানুষকেও সত্য ধারণ করার উপদেশ দিতে হবে। এই দুনিয়া যে ক্ষণস্থায়ী এবং এখানে সুখ-দুঃখ পর্যায়ক্রমে আসবে- এই সত্য আমরা প্রায়ই ভুলে যাই। কোরআনে মানুষের এই প্রবণতা সম্পর্কে বলা হয়েছে, ‘মানুষকে যখন দুঃখ-দৈন্য স্পর্শ করে, তখন সে একনিষ্ঠভাবে তার রবকে ডাকতে থাকে। এরপর তিনি যখন তাকে নেয়ামত দান করেন, তখন সে ভুলে যায় যে বিপদে পড়ে সে আগে তাঁকে ডেকেছিল...।’ (সুরা জুমার, আয়াত: ৮)

মানুষ হিসেবে আমরা বিস্মৃতিপ্রবণ। সুখের দিনে আমরা আল্লাহর অনুগ্রহ ভুলে যাই। তাই আমাদের একে অপরকে স্মরণ করিয়ে দিতে হবে যে, জীবনের কঠিন পরীক্ষা ও ক্ষতিগুলো মূলত আমাদের আত্মিক উন্নতি ও মর্যাদা বৃদ্ধিরই সিঁড়ি।

পরস্পরকে ধৈর্যের উপদেশ দেওয়া

চতুর্থ উপায় হলো ধৈর্য বা সবর। পবিত্র কোরআনে বারবার ধৈর্যের গুরুত্ব তুলে ধরা হয়েছে, ‘হে মুমিনরা, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা বাকারা, আয়াত: ১৫৩)

আরেক আয়াতে আল্লাহ বলেন, ‘আর আপনি আপনার আল্লাহর নির্দেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই আপনি আমার চোখের সামনেই রয়েছেন...।’ (সুরা তুর, আয়াত: ৪৮)

এই আয়াত থেকে বোঝা যায়, আমরা যে পরিস্থিতির মধ্য দিয়েই যাই না কেন, আল্লাহ আমাদের দেখছেন এবং প্রতিটি পদক্ষেপে আমাদের আগলে রাখছেন।

যে কোনো সংকটে সবার আগে সেই মহান সত্তার কাছে সাহায্য চান, যিনি সব দুর্বলতায় শক্তি জোগান এবং সব ক্ষত সারিয়ে তোলেন। এরপর এমন মানুষের শরণাপন্ন হোন, যারা আপনার কষ্ট বুঝবে, সহমর্মিতা দেখাবে এবং ধৈর্যের সঙ্গে আপনার পাশে থাকবে। প্রয়োজনে শারীরিক অসুস্থতার মতো মানসিক প্রশান্তির জন্য বিশেষজ্ঞ বা পেশাদার কাউন্সেলরের সাহায্য নিতেও দ্বিধা করবেন না। (সূত্র: অ্যাবাউট ইসলাম)

রায়হান রাশেদ

সম্পাদনা

রায়হান রাশেদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট