সিএসআর নীতিমালা: অর্থ আছে, জবাবদিহি কোথায়?

২০২৪ সালের প্রথমার্ধে ব্যাংকগুলো সিএসআরে ব্যয় করেছিল প্রায় ৩০৯ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এর ১৩৮ কোটি টাকা, অর্থাৎ ৪৫ শতাংশ, গেছে দুর্যোগ ব্যবস্থাপনা খাতে—যা নির্ধারিত নির্দেশনার লঙ্ঘন। ব্যাংকাররা দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, এই অর্থের বড় অংশ গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়-সংশ্লিষ্ট বিভিন্ন তহবিলে, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে।
এই ঘটনার মর্মকথা কোনো একটি সরকারের সমালোচনা নয়। বরং এটি দেখায়, বাধ্যতামূলক বা প্রায়-বাধ্যতামূলক সিএসআরের অর্থ যখন সিদ্ধান্তের কাঠামোয় ক্ষমতার কাছাকাছি চলে যায়, তখন ‘দান’ ও ‘দরবার’-এর সীমারেখা ঝাপসা হয়। ব্যবসা-প্রতিষ্ঠানের কাছে রাষ্ট্র ও নিয়ন্ত্রকের সদিচ্ছা অত্যন্ত মূল্যবান। সেই সদিচ্ছা পাওয়ার সবচেয়ে বৈধ-দেখানো পথ হলো রাষ্ট্র-ঘনিষ্ঠ তহবিলে ‘সামাজিক’ অনুদান। একটি জাতীয় সিএসআর নীতিমালার প্রথম কাজ হওয়া উচিত এই পথ সংকীর্ণ করা। কিন্তু খসড়াটি পড়লে মনে হয়, কিছু দরজা অর্ধেক খোলা রাখা হয়েছে।
যিনি লেখেন, তিনিই ব্যাখ্যা করেন
খসড়ার ক্ষমতা-কাঠামো লক্ষ করার মতো। বাণিজ্য মন্ত্রণালয় ‘প্রধান সমন্বয়কারী’ (১৮.১)। নির্দেশিকা ও ছক প্রণয়নের উদ্যোগও তারাই নেবে। প্রয়োগে অস্পষ্টতা দেখা দিলে নীতিমালার ‘ব্যাখ্যা’ দেওয়ার ক্ষমতাও তাদের (২২.২)। বাস্তবায়নে অসুবিধা হলে সরকার ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবে (২২.৫)। এর সঙ্গে আছে ‘পোষক কর্তৃপক্ষ’, যার সংজ্ঞা ধার করা হয়েছে আমদানি নীতি আদেশ ২০২৬-২৯ থেকে। আমদানি-বাণিজ্যের প্রেক্ষাপটে রচিত সেই সংজ্ঞা সিএসআর তদারকিতে কী অর্থ দাঁড়ায়, তা পরিষ্কার নয়। অথচ ২২.৬ অনুযায়ী এই কর্তৃপক্ষ আওতাভুক্ত প্রতিষ্ঠানের সিএসআর সমন্বয় করবে এবং নীতিমালার পরিপন্থী না হলে নির্দেশিকা ‘প্রণয়ন, সংশোধন বা হালনাগাদ’ করতে পারবে।
আরও আছে খাত-নির্ধারণের ক্ষমতা। ৯.১৯ বলে, মহামারি বা জাতীয় জরুরি পরিস্থিতিতে ‘সরকার কর্তৃক নির্ধারিত ও স্বীকৃত’ কার্যক্রমে সিএসআরের অর্থ ব্যয় করা যাবে। ৯.২০ বলে, তালিকার বাইরের কার্যক্রম ‘সরকার কর্তৃক নির্ধারিত শর্তে’ সিএসআর গণ্য হতে পারে। ২২.৪ জরুরি পরিস্থিতিতে অগ্রাধিকার সম্পর্কে ‘বিশেষ নির্দেশনা’ দেওয়ার ক্ষমতা দেয়। প্রতিটি বিধান আলাদাভাবে যুক্তিযুক্ত। কিন্তু একসঙ্গে পড়লে দেখা যায়, নিয়ম প্রণেতা, ব্যাখ্যাকারী, সমন্বয়ক ও অগ্রাধিকার-নির্ধারক একই জায়গায়; কোথাও স্বাধীন পর্যালোচনা বা আপিলের সুযোগ নেই। জাতীয় দুর্যোগে রাষ্ট্র-নির্ধারিত তহবিলে অর্থ দেওয়ার নীতিগত যুক্তি আছে। কিন্তু সেই তহবিলের নিরীক্ষা ও প্রকাশের শর্ত না থাকলে ২০২৪ সালের অভিজ্ঞতার পুনরাবৃত্তির ঝুঁকি থেকেই যায়।
কমিটির টেবিলে কারা নেই
ধারা ১৮.২ একটি জাতীয় সিএসআর সমন্বয় কমিটি গঠন করে। সদস্য: অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, শিল্প মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পরিবেশ-সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, বীমা কর্তৃপক্ষ, বিডা, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি। তালিকায় নিয়ন্ত্রক আছে, নিয়ন্ত্রিতদের সংগঠনও আছে। নেই উপকারভোগী জনগোষ্ঠী, উন্নয়ন সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, শ্রমিক বা ভোক্তার প্রতিনিধি। অথচ সিএসআর সবচেয়ে বেশি পথ হারায় ঠিক সেখানে, যেখানে দাতার সুবিধা আর গ্রহীতার প্রয়োজনের মধ্যে ফাঁক তৈরি হয়। কমিটির ভূমিকাও ‘মূলত সমন্বয়, পর্যালোচনা ও নীতিগত সুপারিশ’ (১৮.২.৩)। খসড়ায় কমিটির নিজস্ব জবাবদিহির কোনো বিধান দেখা যায় না।
দক্ষিণ আফ্রিকা ভিন্ন পথ নিয়েছে এবং সেটি কোম্পানির ভেতরে। কোম্পানি আইন, ২০০৮ এবং ২০১১ সালের প্রবিধান ৪৩ অনুযায়ী রাষ্ট্রায়ত্ত কোম্পানি, তালিকাভুক্ত পাবলিক কোম্পানি এবং ‘জনস্বার্থ স্কোর’ পাঁচশ’র বেশি অন্য কোম্পানিকে একটি ‘সামাজিক ও নৈতিকতা কমিটি’ গঠন করতে হয়। কমিটিতে অন্তত তিনজন সদস্য থাকেন। পাবলিক ও রাষ্ট্রায়ত্ত কোম্পানিতে সংখ্যাগরিষ্ঠ সদস্য অ-নির্বাহী পরিচালক, তাঁরা নির্বাচিত হন বার্ষিক সাধারণ সভায়, এবং কমিটি শেয়ারহোল্ডারদের কাছে প্রতিবেদন দেয়। বাংলাদেশের খসড়ার ১১.৩ বড় প্রতিষ্ঠানকে সিএসআর কমিটি গঠন করতে বলে, কিন্তু সদস্যসংখ্যা, স্বাধীন সদস্য বা কমিটির প্রতিবেদন—কিছুই নির্দিষ্ট করে না।
নিজের ফাউন্ডেশন, নিজের মূল্যায়ন
ধারা ১৩.৩ কোনো প্রতিষ্ঠানকে নিজস্ব ফাউন্ডেশন বা ট্রাস্টের মাধ্যমে সিএসআর বাস্তবায়নের অনুমতি দেয়; শর্ত শুধু ‘পৃথক হিসাব ও স্বচ্ছতা’। ১৩.৪ ঠিকই বলে, বাইরের সংস্থা দিয়ে করালেও চূড়ান্ত দায় প্রতিষ্ঠানের। কিন্তু সম্পর্কিত পক্ষের লেনদেন, ফাউন্ডেশনের পরিচালনায় মালিকপক্ষের ভূমিকা কিংবা পরিচালকের স্বার্থ—এসব নিয়ে কোনো সুরক্ষা-বিধান নেই। ৭.৭ মালিক-পরিচালকের ব্যক্তিগত সুবিধাকে সিএসআর গণ্য না করার কথা বলে, যা ইতিবাচক। তবে ফাউন্ডেশনের মাধ্যমে ঘুরপথে সুবিধা নেওয়া ঠেকানোর কৌশল সেখানে নেই। মূল্যায়নেও একই দুর্বলতা। ১৪.৩ বলছে, বৃহৎ প্রকল্প ‘স্বাধীন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে মূল্যায়ন করা যাইতে পারে’। বাধ্যবাধকতা নেই।
ভারত এখানে অনেক দূর এগিয়েছে। ২০২১ সালের সংশোধনের পর সিএসআর বাস্তবায়নকারী সংস্থাকে করপোরেট বিষয়ক মন্ত্রণালয়ে ‘সিএসআর-১’ ফরমে নিবন্ধিত হয়ে একটি অনন্য নিবন্ধন নম্বর নিতে হয়। যে কোম্পানির গত তিন অর্থবছরের গড় সিএসআর দায় ১০ কোটি রুপি বা তার বেশি, তাকে ১ কোটি রুপি বা তার বেশি ব্যয়ের প্রকল্পে স্বাধীন সংস্থা দিয়ে প্রভাব মূল্যায়ন করাতে হয়। প্রতিবেদন পর্ষদে উপস্থাপন করতে হয় এবং বার্ষিক সিএসআর প্রতিবেদনের সঙ্গে জুড়ে দিতে হয়।
রাষ্ট্রের হাতে: দুই দেশের সতর্কসংকেত
কার হাতে থাকবে অর্থের চাঁবি, এই প্রশ্নের দুটি চরম উত্তর দেখা যায় দুই দেশে। মরিশাসে ২০১৯ সালে গঠিত তহবিল থেকে কোম্পানির সিএসআর তহবিলের অন্তত ৭৫ শতাংশ কর কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্র-নিয়ন্ত্রিত ফাউন্ডেশনে জমা দিতে হয়। আদায় সহজ, দাতার সুবিধা-নেওয়ার ঝুঁকি কম; কিন্তু সিদ্ধান্ত রাষ্ট্রের হাতে। অনুপাতটি বারবার বদলেছে: ২০২৬ সালে গঠিত তহবিলের জন্য ন্যূনতম ৫০ শতাংশ, ২০২৭ থেকে আবার ৭৫ শতাংশ। এই টানাপোড়েন ইঙ্গিত দেয়, কাঠামোটি নিয়ে মতভেদ আছে।
অন্যদিকে ভারত ২০২০ সালের মার্চে করোনা-সংকটের শুরুতে ‘পিএম কেয়ারস’ তহবিলে দানকে সিএসআর-যোগ্য ঘোষণা করেছিল। এই তহবিলের স্বচ্ছতা ও নিরীক্ষা নিয়ে দেশটিতে তীব্র বিতর্ক হয়েছে। দুই উদাহরণ একই কথা বলে: সিএসআরের টাকা রাষ্ট্রীয় তহবিলে গেলে সেই তহবিলের জবাবদিহি সিএসআর নীতির অবিচ্ছেদ্য অংশ হতে হয়।
শেষ কথা
প্রথমত, নীতিমালায় একটি স্পষ্ট ‘রাষ্ট্রীয় তহবিল’ বিধান থাকা দরকার। জাতীয় জরুরি পরিস্থিতিতে সরকারি তহবিলে সিএসআর-দান অনুমোদনযোগ্য হলে সেই তহবিলের বার্ষিক নিরীক্ষিত হিসাব, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ের নিরীক্ষা এবং ব্যয়ের প্রকাশ বাধ্যতামূলক হোক। ৯.১৯ ও ৯.২০-র ‘সরকার কর্তৃক নির্ধারিত শর্ত’ আগেভাগে লিখে দেওয়া হোক, সরকারি প্রজ্ঞাপনে, প্রকাশ্যে ও নির্দিষ্ট মেয়াদসহ।
দ্বিতীয়ত, ক্ষমতার বিভাজন দরকার। নীতিমালার ব্যাখ্যা ও নির্দেশিকা প্রণয়নের ক্ষমতা একই কেন্দ্রে না রেখে খসড়া নির্দেশিকা প্রকাশ্য মতামতের জন্য ছাড়া বাধ্যতামূলক করা হোক। ‘পোষক কর্তৃপক্ষ’-এর সংজ্ঞা বদলে প্রতিটি খাতের নিয়ন্ত্রক, যেমন বাংলাদেশ ব্যাংক, বিএসইসি ও বীমা কর্তৃপক্ষকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হোক। জাতীয় সমন্বয় কমিটিতে নাগরিক সমাজ, গবেষণা প্রতিষ্ঠান, শ্রমিক ও ভোক্তা প্রতিনিধি থাকুন এবং কমিটি বছরে অন্তত একটি প্রকাশ্য প্রতিবেদন দিক।
তৃতীয়ত, কোম্পানি পর্যায়ে স্বাধীনতার ব্যবস্থা চাই। দক্ষিণ আফ্রিকার আদলে বড় প্রতিষ্ঠানের সিএসআর কমিটিতে অন্তত তিনজন সদস্য, সংখ্যাগরিষ্ঠ অ-নির্বাহী এবং পর্ষদ ও শেয়ারহোল্ডারের কাছে লিখিত প্রতিবেদন বাধ্যতামূলক করা যায়। ভারতের আদলে বাস্তবায়নকারী সংস্থার নিবন্ধন-তালিকা তৈরি, নিজস্ব ফাউন্ডেশনের ক্ষেত্রে সম্পর্কিত পক্ষের লেনদেন প্রকাশ, এবং বড় প্রকল্পে স্বাধীন মূল্যায়নের ‘করা যাইতে পারে’-কে ‘করিতে হইবে’-তে রূপান্তর করা যুক্তিসংগত। সব প্রতিবেদন একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালে প্রকাশিত হলে সাংবাদিক, গবেষক ও সাধারণ মানুষই হবেন সবচেয়ে কার্যকর পর্যবেক্ষক। সিএসআর সমাজের পাওনা, এই বিশ্বাস টিকবে তখনই, যখন প্রতিটি টাকার হিসাব জনগণের চোখের সামনে থাকবে।
লেখক: সাংবাদিক ও গবেষক

