ভাতা পেতে টাকা দিতে হবে না, ধরনাও দিতে হবে না: প্রতিমন্ত্রী অমিত

সরকারি ভাতা পেতে এখন থেকে কাউকে টাকা দিতে হবে না, জনপ্রতিনিধিদের কাছেও ধরনা দিতে হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ভাতা পাওয়ার জন্য কেউ অর্থ লেনদেন করলে সংশ্লিষ্ট ব্যক্তি যেমন কার্ড পাবেন না, তেমনি যিনি অর্থ নেবেন, তাকেও আইনের আওতায় আনা হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, অতীতে সরকারি ভাতা পেতে অর্থ লেনদেন করতে হয়েছে এবং জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিতে হয়েছে। এখন থেকে ভাতা পেতে কাউকে অর্থ দিতে হবে না কিংবা কারও কাছে ধরনা দিতে হবে না। কেউ ভাতা পাওয়ার জন্য অর্থ লেনদেন করলে তাকে কার্ড দেওয়া হবে না। একইভাবে যিনি অর্থ নেবেন, তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে চায় সরকার। তিনি নিজেও জনগণের কাছে জবাবদিহি করবেন। একইভাবে সরকারি কর্মকর্তাদেরও জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
তিনি আরও বলেন, অর্থের অভাবে কোনো মানুষ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে চায় সরকার। একইভাবে অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়ালেখাও বন্ধ হতে দেওয়া হবে না।
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ কার্যক্রম আগামী বছরের জুনে চালুর লক্ষ্য রয়েছে। এরপর কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ সরকারি ব্যবস্থাপনায় এ চিকিৎসাসেবা নিতে পারেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সার বিতরণে অনিয়মের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে সার ও বীজ মনিটরিং কমিটি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সার বিতরণে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে কোনো সার ডিলারের রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় বিবেচনা করা হবে না। অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ডিলারশিপ বাতিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে ২০০টি দুস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ রায়। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠুসহ স্থানীয় নেতারা।

