ইউটিউবারদের আয়ে নতুন নিয়ম, মানতে হবে ৩ শর্ত

কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও নির্মাতাদের জন্য আয়ের নিয়মে বড় পরিবর্তন আনছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। তাদের জন্য বিজ্ঞাপন থেকে আয় করার যোগ্যতা অর্জনের শর্ত আরও কঠিন করা হচ্ছে। এতে নতুন নির্মাতাদের আয় শুরু করতে আগের তুলনায় বেশি ভিউ, ওয়াচ আওয়ার ও সাবস্ক্রাইবার প্রয়োজন হবে।
২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।
ইউটিউবের পার্টনার প্রোগ্রাম (ওয়াইপিপি) সম্প্রসারণের পরিবর্তে আয়ের যোগ্যতা অর্জনের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে যেসব নতুন নির্মাতা ইউটিউব থেকে অর্থ উপার্জনের পরিকল্পনা করছেন, তাদের কনটেন্ট তৈরির কৌশলে পরিবর্তন আনতে হতে পারে।
পূরণ করতে হবে যেসব শর্ত
নতুন নিয়ম অনুযায়ী, ইউটিউবের বিজ্ঞাপন আয়ের অংশ পেতে একজন নির্মাতাকে তিনটি শর্ত পূরণ করতে হবে। সেগুলো হলো—
১. গত ৩৬৫ দিনে অন্তত ৮ হাজার ঘণ্টা যোগ্য ওয়াচ আওয়ার থাকতে হবে।
২. গত ৯০ দিনে শর্টস ভিডিওতে অন্তত ২ কোটি যোগ্য ভিউ থাকতে হবে।
৩. চ্যানেলে কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে।
আগের নিয়মে ইউটিউবের বিজ্ঞাপন আয়ের অংশ পেতে গত এক বছরে চার হাজার ঘণ্টা ওয়াচ আওয়ার অথবা গত ৯০ দিনে শর্টস ভিডিওতে এক কোটি ভিউ প্রয়োজন হতো। অর্থাৎ ওয়াচ আওয়ার ও শর্টস ভিউয়ের ক্ষেত্রে যোগ্যতার সীমা দ্বিগুণ করা হচ্ছে।
তবে নতুন নিয়মের কারণে বর্তমানে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত নির্মাতাদের আয়ে প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে।
এই পরিবর্তন কার্যকর হবে নতুন নির্মাতাদের জন্য। ফলে যারা আগামী বছর থেকে ইউটিউবে কনটেন্ট শেয়ার করে আয় করতে চান, তাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
যে কারণে কঠোর নিয়ম করছে ইউটিউব
এ বিষয়ে ইউটিউব কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো কারণ জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, প্ল্যাটফর্মটিতে অনেক নির্মাতা কনটেন্ট তৈরি করে উল্লেখযোগ্য অর্থ আয় করছেন। এ কারণে নতুন নির্মাতাদের জন্য আয়ের সুযোগ পাওয়ার প্রবেশপথ আরও কঠিন করতে চাইছে জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি।
ইনস্টাগ্রামের ক্ষেত্রে কি লাভ হবে
ইউটিউবের নতুন নিয়মের কারণে ইনস্টাগ্রাম লাভবান হতে পারে। নতুন নির্মাতারা ইউটিউবে আয় করতে বেশি বাধার মুখে পড়লে বিকল্প হিসেবে ইনস্টাগ্রামের দিকে ঝুঁকতে পারেন। তবে মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মের তুলনায় ইউটিউবে আয়ের সম্ভাবনা এখনও বেশি।
একই সময়ে প্রচলিত কনটেন্ট মডেলে পরিবর্তন এনে প্ল্যাটফর্মে মৌলিক কনটেন্ট নির্মাতাদের গুরুত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে এক্স (সাবেক টুইটার)। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও প্ল্যাটফর্মগুলোর মধ্যে কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করার প্রতিযোগিতা আরও বাড়তে পারে।

