logo

বোনকে দেওয়া কথা রাখতে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের বিচি

বোনকে দেওয়া কথা রাখতে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের বিচি
জয়দেব বিশ্বাস। ছবি: এই সময়

বোনের আবদার রক্ষা করতে গত ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি নিয়ে ঘুরছেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার অশোকনগরের বাসিন্দা জয়দেব বিশ্বাস। জানা গেছে, প্রায় ৭৫ বছর বয়সি ওই ব্যক্তি মুখে জলপাইয়ের আঁটি নিয়েই তিনি পানি পান করেন, দাঁত মাজেন, খাওয়াদাওয়া করেন। এমনকি ঘুমানও আঁটিটি মুখে রেখেই। দীর্ঘদিনের অভ্যাসে জলপাইয়ের আঁটিটি যেন তার শরীরেরই অংশ হয়ে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন অনুসারে, জয়দেব পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সরবরাহ কোম্পানিতে কাজ করতেন। মধ্যবিত্ত পরিবারের জয়দেবের সংসারে ছিলেন শুধু মা। তার কোনো বোন ছিল না। তাই ভাইফোঁটার দিনগুলোতে মন খারাপ হতো তার। অন্যরা পাজামা-পাঞ্জাবি পরে উপহার নিয়ে বোনের বাড়ি যেতেন। কিন্তু তাকে ফোঁটা দেওয়ার মতো কেউ ছিলেন না।

জয়দেবের বাড়ির পাশেই থাকতেন অগ্নিবীণা দেবী। তিনি বাঘাযতীন কলেজের অধ্যাপিকা ছিলেন। একদিন অগ্নিবীণাকে নিজের মন খারাপের কথা জানান জয়দেব। সব শুনে অগ্নিবীণা বলেছিলেন, ‘এই কথা! আমিই তোমায় ফোঁটা দেব।’

সেই থেকে শুরু। প্রতিবছর ভাইফোঁটায় জয়দেবের কপালে চন্দনের ফোঁটা দিয়ে ভাইয়ের মঙ্গল কামনা করতেন অগ্নিবীণা। নিজের হাতে রান্না করতেন নানা পদ। খাবারের তালিকায় থাকত মাছ, মাংস, মিষ্টি ও পায়েস। আর শেষ পাতে থাকত দাদার সবচেয়ে পছন্দের জলপাইয়ের চাটনি।

ঘটনাটি ১৯৯৬ সালের ভাইফোঁটার। দিনটির কথা আজও মনে আছে জয়দেবের। ফুলতোলা আসনে বসে তৃপ্তি করে জলপাইয়ের চাটনি খাচ্ছিলেন তিনি। সামনে হাসিমুখে বসে ছিলেন অগ্নিবীণা। গালে হাত দিয়ে দাদার চাটনি খাওয়া দেখছিলেন। হঠাৎ মুচকি হেসে জিজ্ঞাসা করেন, ‘আমার হাতের চাটনি তোমার এত পছন্দ?’

জয়দেবের উত্তর ছিল, ‘হ্যাঁ।’ এরপর কিছুটা দুষ্টুমি মিশিয়ে অগ্নিবীণা জানতে চান, ‘তাহলে এই জলপাইয়ের আঁটি তুমি কত দিন মুখে রাখতে পারবে?’

বোনের হাতের জলপাইয়ের চাটনি এতটাই পছন্দ ছিল জয়দেবের যে তিনি গর্বের সঙ্গে বলেছিলেন, ‘তুই না বলা পর্যন্ত মুখেই রেখে দেব। এই রাখলুম!’

ব্যস, সেই থেকে মুখে জলপাইয়ের আঁটি। প্রথম দিকে অবশ্য বেশ অসুবিধা হয়েছিল। জিবে ঘা হয়ে যেত, রক্তও পড়ত। তবু মুখ থেকে আঁটি বের করেননি জয়দেব। এখন অবশ্য বিষয়টি তার অভ্যাসে পরিণত হয়েছে।

এমন অদ্ভুত পণের কারণে এলাকায় বেশ পরিচিত জয়দেব। রাস্তাঘাটে তাকে দেখলে কৌতূহলী মানুষ প্রায়ই জানতে চান, ‘দাদা, আপনিই সেই...।’ জয়দেবও বুঝে যান তারা কী বলতে চাইছেন। কথা না বাড়িয়ে মুখ হাঁ করেন। আর মানুষ অবাক হয়ে দেখেন তিন দশক ধরে মুখে রাখা সেই জলপাইয়ের আঁটি।

তবে এই স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে গভীর বেদনার এক অধ্যায়। ২০১২ সালের ২৪ জানুয়ারি আত্মহত্যা করেন অগ্নিবীণা। সেই দিনের কথা মনে করতে চান না জয়দেব। গলায় জমে থাকা কান্না সামলে তিনি বলেন, ‘বোন তো আজ আর নেই। যত দিন পারব, স্মৃতিটুকু আগলে রাখব।’