logo

নুসরাতের বাড়িতে বিস্ফোরণের আলামত মেলেনি, শর্টসার্কিটের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

নুসরাতের বাড়িতে বিস্ফোরণের আলামত মেলেনি, শর্টসার্কিটের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

সংরক্ষিত নারী সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় পেট্রোলবোমা বিস্ফোরণের আলামত মেলেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে টিনশেড আধা-পাকা বাড়িতে আগুন লেগেছে, তার থেকে ২০ মিটার দূরে তার বাবা-মা একটি তিনতলা বাড়িতে অবস্থান করেন। মূলত ওই টিনশেড বাড়িতে কেউ থাকতেন না; সেখানে কেবল দুটি ছাগল ও কিছু আসবাবপত্র ছিল।

তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে জানতে পেরে সঙ্গে সঙ্গেই পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি, এসপি এবং বিজিবির টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনকে নিয়ে একটি যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সবার সঙ্গে আলোচনা এবং আলামত মূল্যায়ন করে প্রাথমিকভাবে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা দেয়ালে পেট্রোল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়ায় এবং ইলেকট্রিক ওয়্যারিং দুর্বল থাকায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেও এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।