logo

শীতের শুরুতেই পর্যটক সংকট, ফাঁকা রাঙামাটির হোটেল-মোটেল

শীতের শুরুতেই পর্যটক সংকট, ফাঁকা রাঙামাটির হোটেল-মোটেল
সাজেকে ঘটনায় প্রভাব পড়েছে রাঙামাটিতে, নেই পর্যটক। ছবি: এশিয়া পোস্ট

শীতের শুরুতেই পর্যটকে মুখরিত থাকার কথা পাহাড়ি জেলা রাঙামাটি। কিন্তু সাজেক ভ্যালিতে চলমান সড়ক অবরোধ ও প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে রাঙামাটির পুরো পর্যটন খাত এখন ধসের মুখে। ছুটির দিনগুলোতেও দেখা নেই পর্যটকের।

গত ২২ অক্টোবর থেকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাঙামাটি-সাজেক রুটে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ পালন করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ওই দিনই সাজেকে পর্যটকদের যাতায়াতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। ফলে সাজেককেন্দ্রিক পর্যটন ব্যবসা সম্পূর্ণ থমকে যাওয়ার পাশাপাশি এর নেতিবাচক প্রভাব পড়েছে রাঙামাটি শহরের ব্যবসায়ও।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

সপ্তাহের ছুটির দিনেও রাঙামাটির অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ ঝুলন্ত সেতুতে পর্যটকদের চেনা উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে না। গত সোমবার বিকেলে সেখানে হাতে গোনা কয়েকজন স্থানীয় বাসিন্দা ছাড়া কাউকে দেখা যায়নি।

ঝুলন্ত সেতুর টিকিট কাউন্টারের ম্যানেজার হাসান আহমেদ সোহেল জানান, এই মৌসুমে যেখানে প্রতিদিন ১০০ এর বেশি টিকিট বিক্রি হতো, সেখানে পর্যটকশূন্যতার কারণে এখন টিকিট বিক্রি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

রাঙামাটি ট্যুরিস্ট বোট ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. রমজান আলী বলেন, সাজেক বন্ধ থাকায় রাঙামাটি শহরের সামগ্রিক পর্যটন ব্যবসাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

রাঙামাটি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ চৌধুরী বলেন, হোটেল-মোটেলে বুকিংয়ের হার অত্যন্ত কম। যে অল্পসংখ্যক পর্যটক আসছেন, তারাও পরিস্থিতি বিবেচনায় দ্রুত ফিরে যাচ্ছেন।

তিনি আরও জানান, পর্যটকদের উৎসাহিত করতে রাঙামাটির হোটেল-মোটেলগুলোতে শুক্র ও শনিবার ২০ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি শুক্রবার সন্ধ্যায় শহরে আসা পর্যটকদের বিনোদনের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

‘রাঙাদীপ রিসোর্ট’-এর পরিচালক অলোক ব্রত চাকমা বলেন, সাজেকে অবরোধের কারণে অনেকের মনে ভুল ধারণার সৃষ্টি হয়েছে যে, পুরো রাঙামাটি ভ্রমণই বুঝি অসম্ভব। অথচ সাজেক থেকে রাঙামাটি শহরের দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার এবং এখানকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ম্যানেজার অলোক বিকাশ চাকমা বলেন, বর্তমানে তাদের মোট কক্ষের মাত্র ২০ শতাংশ বুকিং রয়েছে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হলে পর্যটকদের সংখ্যা আবার বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আকরাম হোসেন

সম্পাদনা

আকরাম হোসেন

সহকারী বার্তা সম্পাদক | এশিয়া পোস্ট