ঢাবির ৬ সহকারী প্রক্টরের পদত্যাগ ঘিরে প্রশাসনে আলোচনা-সমালোচনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। ইতোমধ্যে তাদের মধ্যে পাঁচজন পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকি একজনও বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যার মধ্যে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।
বুধবার (১১ নভেম্বর) ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতনের মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বরাবর তারা পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্র জমা দেওয়া পাঁচজন হলেন, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সহযোগী অধ্যাপক শারমীন কবীর এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।
তাদের মধ্যে ড. মুহাম্মদ রফিকুল ইসলাম ও মুহাম্মদ মাহবুব কায়সার বুধবার এবং বাকি তিনজন বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দেন। এ ছাড়া ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগও পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদে মোট ২১ জন সহকারী প্রক্টর দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট সূত্রমতে, পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া ছয় শিক্ষক ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছিলেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করা হলেও সংশ্লিষ্ট একাধিক শিক্ষকের দাবি, সহকারী প্রক্টর পরিবর্তনের আলোচনা এবং ওপর মহলের রাজনৈতিক ও পারিপার্শ্বিক চাপের পরিপ্রেক্ষিতে তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করা হয়েছে।
পদত্যাগপত্র জমা দেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী প্রক্টর বলেন, “প্রক্টর স্যার আমাকে ডেকে বললেন, ‘কিছু পারিপার্শ্বিক বিষয় আছে।’ আমি বললাম, স্যার তাহলে কি রিজাইন করলে সুবিধা হয়? স্যার অনুরোধ করলেন যে, ‘করলে খুব ভালো হয়।’”
অপর এক সহকারী প্রক্টর জানান, ওপরের দিক থেকে ও পারিপার্শ্বিক চাপের কথা উল্লেখ করে তাকে পদত্যাগের অনুরোধ জানিয়েছিলেন প্রক্টর।
পদত্যাগকারী আরেক সহকারী প্রক্টর ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক কারণকে সিদ্ধান্তের পেছনে দায়ী করেছেন। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক কারণে এ সিদ্ধান্ত নিয়েছি।’
রাজনৈতিক চাপের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি কাউকে দোষারোপ করার পক্ষে না, কখনোই না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন বলেন, ‘আমাদের দুইজন বুধবার পদত্যাগ করেছেন। তারা হলেন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার ও আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম। বৃহস্পতিবার অফিসে এসে দেখলাম, কিছুক্ষণ আগে আরও তিনজন পদত্যাগপত্র দিয়ে গেছেন।’
সহকারী প্রক্টরদের ওপর রাজনৈতিক ও পারিপার্শ্বিক চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমার পক্ষ থেকে এ ধরনের কোনো চাপ অনুভব করছি না বা ওই ধরনের কোনো চাপ প্রয়োগ করা হয়নি। এটা প্রশাসনের একটা চলমান প্রক্রিয়া, কেউ যাবে, কেউ আসবে।’
উল্লেখ্য, চলতি বছরের ১৬ মার্চ অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত ১০ মে তৎকালীন প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেন। একই দিন সাদা দলের চারুকলা অনুষদের আহ্বায়ক ও গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক ইসরাফিল রতনকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর পরদিন ১১ মে সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেন লোক প্রশাসন বিভাগের প্রভাষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

