এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের ১১ নির্দেশনা

২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য ১১টি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ, প্রবেশপত্র সংগ্রহ, উত্তরপত্র পূরণ এবং ক্যালকুলেটর ও মোবাইল ফোন ব্যবহারেরসহ নানা বিধিনিষেধের কথা বলা হয়েছে নির্দেশনায়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. জসিম উদ্দিনের সই করা প্রকাশিত রুটিনে এসব তথ্য জানানো হয়।
পরীক্ষার রুটিন অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া অন্য বিষয়গুলোর পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।
পরীক্ষার্থীদের জন্য ১১ নির্দেশনা
১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
২. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩. ৩০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (সিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।
* ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল (সিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট।
* পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ এবং সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে সকাল ৯টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি ওএমআর শিট বিতরণ করা হবে। সকাল ১০টায় বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হবে। সকাল ১০টা ৩০ মিনিটে বহুনির্বাচনি উত্তরপত্র (ওএমআর শিট) সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। তবে ২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে ওএমআর শিট সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণের সময় সকাল ১০টা ২৫ মিনিট।
দুপুর ২টা থেকে শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে দুপুর ১টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি ওএমআর শিট বিতরণ করা হবে। দুপুর ২টায় বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হবে। দুপুর ২টা ৩০ মিনিটে বহুনির্বাচনি উত্তরপত্র (ওএমআর শিট) সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। ২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ কার্যক্রম দুপুর ২টা ২৫ মিনিটে সম্পন্ন হবে।
৪. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
৫. পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে অন্তত: ০৫ (পাঁচ) দিন পূর্বে সংগ্রহ করবে।
৬. প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি OMR ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোন প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭. পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে। ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে পূর্বের প্রাপ্ত নম্বর বহাল থাকবে। শুধুমাত্র অকৃতকার্য ও অনুপস্থিত পরীক্ষার্থীরা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করবে।
৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রে উল্লিখিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
১৯. কোন পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ / প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।
১০. পরীক্ষার্থীগণ পরীক্ষায় শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর (Non programmable ) ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর
ব্যবহার করা যাবে না।
১১. পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না।




