কুমিল্লা বোর্ডে এইচএসসিতে শূন্য পাস, ১৫ কলেজের অধ্যক্ষকে তলব

এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি—এমন ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানের অধ্যক্ষদের কারণ দর্শানোর নোটিশ দিয়ে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) প্রয়োজনীয় কাগজপত্রসহ বোর্ডে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে এ নির্দেশনার বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া।
বোর্ড সূত্রে জানা গেছে, শূন্য পাস করা এসব প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অধ্যক্ষদের গত পাঁচ বছরের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।
তলব করা ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লার তিনটি, লক্ষ্মীপুরের পাঁচটি, চাঁদপুরের দুটি, ব্রাহ্মণবাড়িয়ার দুটি, ফেনীর দুটি এবং নোয়াখালীর একটি প্রতিষ্ঠান রয়েছে।
কুমিল্লার প্রতিষ্ঠানগুলো হলো লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগরের বগৈড় বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ এবং ব্রাহ্মণপাড়া উপজেলার প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ।
লক্ষ্মীপুরের প্রতিষ্ঠানগুলো হলো সদর উপজেলার ক্যামব্রিজ সিটি কলেজ, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোমতাজ উদ্দিন আলোকিত কলেজ, লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, হাজিমিয়ার হাট উচ্চবিদ্যালয় ও কলেজ এবং কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজ।
এ ছাড়া চাঁদপুরের শহীদ পৌর জাবেদ স্কুল অ্যান্ড কলেজ ও মতলব দক্ষিণ উপজেলার আড়ং বাজার ডক্টর অ্যান্ড শামসুল হক মডেল কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ ও বিরগাঁও উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ, ফেনী সদর উপজেলার বেগম শামসুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও বিকন মডেল কলেজ এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আপার মডেল কলেজকে তলব করা হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. শফিকুল ইসলাম বলেন, এর আগেও যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি, সেসব প্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এবারও শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। মঙ্গলবার অধ্যক্ষদের বক্তব্য শোনার পর শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।


