logo

ভিকারুননিসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন শিক্ষা সচিবের

ভিকারুননিসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন শিক্ষা সচিবের
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ছাড়াও সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, সিদ্ধেশ্বরী কলেজ, সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন তিনি।

এ সময় তার সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সিনিয়র সচিব প্রতিষ্ঠানগুলোর সার্বিক শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ক্যাম্পাস, শ্রেণিকক্ষ ও অফিস কক্ষসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও মনোরম শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কবিতা আবৃত্তি, নাটক ও ধর্মীয় কর্মকাণ্ডে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়ে সিনিয়র সচিব আবদুল খালেক বলেন, ‘শুধু পাঠ্যবইয়ের পড়াশোনা নয়, শিক্ষার্থীদের গান, কবিতা আবৃত্তি, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বহুমুখী প্রতিভা বিকাশের সুযোগ কাজে লাগাতে হবে।’ এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন এবং শিক্ষার্থীদের বিনয়ী হওয়ার আহ্বান জানান।

পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের বিষয়ে সিনিয়র সচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ নিতে হবে। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করার নির্দেশনা দেন।