logo

এনসিপি নেতার কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী পুলিশের অ্যাকাউন্টে

এনসিপি নেতার কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী পুলিশের অ্যাকাউন্টে
কোচিং সেন্টারের স্বত্বাধিকারী ও এনসিপি নেতা সাইফুল ইসলামের সাথে কথা বলছেন সার্জন সাবিহা।

একটি কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নারী সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যক্তিগত হিসাবে এক দিনেই ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

২০২২ সালের ৩০ আগস্ট এক্সিম ব্যাংকের মাধ্যমে এই অস্বাভাবিক লেনদেন সম্পন্ন হয়। কোচিং সেন্টারের হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা হওয়ার ঠিক পরপরই সেখান থেকে ১ লাখ টাকা রেখে বাকি ৪৯ লাখ টাকা সার্জেন্টের ব্যক্তিগত হিসাবে পাঠানো হয়। বিপুল পরিমাণ এই অর্থের উৎস এবং এর নেপথ্যে এক এনসিপি নেতার সম্পৃক্ততার কথা জানা গেছে।

ব্যাংকের নথি পর্যালোচনায় দেখা যায়, এক্সিম ব্যাংকের মাধ্যমে এই লেনদেন সম্পন্ন হয়। নিউরন নার্সিং কোচিং সেন্টারের নামে পরিচালিত ব্যাংক হিসাবে ২০২২ সালের ৩০ আগস্ট নগদ ৫০ লাখ টাকা জমা করা হয়। একই দিন ওই হিসাব থেকে সার্জেন্ট সাবিহা আক্তারের ০১১১০০০৮১৩২৩৬ নম্বরের ব্যক্তিগত ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা স্থানান্তর করা হয়। অর্থাৎ ৫০ লাখ টাকা জমার পর মাত্র এক লাখ টাকা রেখে বাকি ৪৯ লাখ টাকা পাঠানো হয় সার্জেন্টের হিসাবে।

নিউরন নার্সিং কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সাবেক আহ্বায়ক। তবে সার্জেন্ট সাবিহার হিসাবে টাকা স্থানান্তরের সময় তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে সার্জেন্ট সাবিহা আক্তার লেনদেনের উৎস ও উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। একটি কোচিং সেন্টারের ব্যাংক হিসাব থেকে তার ব্যক্তিগত হিসাবে এত বিপুল পরিমাণ টাকা কেন স্থানান্তর করা হয়েছিল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার অ্যাকাউন্টে ৫০ লাখ কেন, এক কোটি-দুই কোটি টাকাও ঢুকতে পারে।’ অর্থের উৎস জানতে চাইলে তিনি বলেন, ‘যিনি টাকা দিয়েছেন, তাকেই এ বিষয়ে জিজ্ঞেস করুন। আমি সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই।’

গত সোমবার (৯ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক অফিসে ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আনোয়ার হোসেনের কক্ষে তার উপস্থিতিতে এসব কথা বলেন সার্জেন্ট সাবিহা। এর পরদিন মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে নগরের লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে সাইফুল ইসলামের সঙ্গে দেখা করতে যান তিনি। সেখানে একটি ডেন্টাল কেয়ারের সামনে দুজনকে মুখোমুখি বসে কথা বলতে দেখা যায়। ওই সময় সার্জেন্ট সাবিহা পুলিশের ইউনিফর্ম পরা ছিলেন।

অন্যদিকে, অর্থ স্থানান্তরের বিষয়ে জানতে চাইলে নিউরন নার্সিং কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম প্রথমে কোনো তথ্য দিতে চাননি। পরে তিনি বলেন, ‘আসলে সার্জেন্ট সাবিহা অন্য একজনের কাছ থেকে টাকাটা নিয়েছিল। কিন্তু সে সরাসরি তার কাছ থেকে টাকাটা নিতে চায়নি। এ জন্য ওই ব্যক্তি আমাকে নগদ টাকা দেয়। আমি সেটা আমার ব্যাংক হিসাবে নিয়ে সাবিহার হিসাবে ট্রান্সফার করে দিয়েছি। এখন উপকার করতে গিয়ে আমিই বিপদে।’

সাইফুল ইসলামের বক্তব্য অনুযায়ী, এই লেনদেনে তৃতীয় একজন ব্যক্তি জড়িত ছিলেন। ওই ব্যক্তির কাছ থেকেই নগদ টাকা নিয়ে তিনি নিজের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা করেন এবং পরে সার্জেন্ট সাবিহার হিসাবে পাঠান। তবে ওই ব্যক্তির পরিচয়, অর্থের প্রকৃত উৎস এবং সার্জেন্ট সাবিহাকে টাকা দেওয়ার কারণ সম্পর্কে তিনি কোনো তথ্য দেননি। একই সঙ্গে সরাসরি অর্থ গ্রহণ না করে কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার করে টাকা স্থানান্তরের প্রয়োজনীয়তাও স্পষ্ট হয়নি।

বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাহী জেলার সভাপতি আহমেদ সফিউদ্দিন। তিনি বলেন, ‘ট্রাফিক বিভাগে দুর্নীতি হয়, এটা সবার জানা কথা। ওপর মহল থেকে নিচের মহল সবাই কোনো না কোনোভাবে সুবিধাভোগী হয়। কাজেই আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ লেনদেন থাকলে তার তদন্ত হওয়া প্রয়োজন।’

আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে সার্জেন্ট সাবিহার ব্যক্তিগত হিসাবে টাকা এলে সেটি তার ব্যক্তিগত বিষয়। ট্রাফিক বিভাগের একজন প্রধান আছেন, তিনি বিষয়টি জানেন কি না, তা আমার জানা নেই। তবে আমাদের কাছে কোনো অভিযোগ না এলে আমরা কারও ব্যক্তিগত ব্যাংক হিসাবের লেনদেন নিয়ে তদন্ত করি না।’

রাবেয়া খাতুন

সম্পাদনা

রাবেয়া খাতুন

সাব এডিটর | এশিয়া পোস্ট