logo

রাজধানীতে বার থেকে ছাত্রলীগ নেতাকে ধরতে গিয়ে মারধরের শিকার ছাত্রদলের ৩ নেতাকর্মী

রাজধানীতে বার থেকে ছাত্রলীগ নেতাকে ধরতে গিয়ে মারধরের শিকার ছাত্রদলের ৩ নেতাকর্মী
ধানমন্ডি ২৭ নম্বরে কয়লা বারে মারধরের শিকার ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: পুলিশের সৌজন্যে

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বার থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মী আহত হয়েছেন। পরে পুলিশ বারের ভেতর থেকে ওই ছাত্রলীগ নেতা ও তার এক সহযোগীকে আটক করেছে। এ ছাড়া বারের কয়েকজন নিরাপত্তাকর্মীকেও আটক করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে কনকর্ড টাওয়ারের পঞ্চম তলায় অবস্থিত কয়লা বারের সামনে ও ভেতরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা গেছে, ধানমন্ডি ২৭ নম্বর এলাকার একটি রেস্তোরাঁর কর্মী সুমনকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক করেন ছাত্রদলের একদল নেতাকর্মী। এ সময় তারা সুমনের মুঠোফোন তল্লাশির চেষ্টা করেন এবং বিষয়টি পুলিশকে জানান। একপর্যায়ে তাদের কাছ থেকে দৌড়ে পালিয়ে কনকর্ড টাওয়ারের নিচে আশ্রয় নেন সুমন।

এরপর কয়লা বারের কয়েকজন নিরাপত্তাকর্মী সুমনকে ছেড়ে দেওয়ার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের অনুরোধ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুমনকে ছাড়িয়ে নিতে ঘটনাস্থলে আসেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজা। তবে ছাত্রদলের নেতাকর্মীরা তাকেও আটক করার চেষ্টা করলে দৌড়ে বারের ভেতরে গিয়ে আশ্রয় নেন তিনি।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বারের ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস কে সজীব ও ছাত্রদল নেতা আকাশ আহত হন। সংঘর্ষে তাদের মাথায় আঘাত লাগে এবং কেটে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রলীগের এক নেতার অবস্থান জানতে পেরে তাকে ধরতে ছাত্রদলের ১০০ থেকে ১৫০ জন নেতাকর্মী কয়লা বারে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বারের নিরাপত্তাকর্মীরা কনকর্ড টাওয়ারের নিচের প্রবেশপথের গেট বন্ধ করে দেন। পরে ছাত্রদলের নেতাকর্মীদের বেধড়ক মারধর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বারের ভেতরে অভিযান চালিয়ে রাজা ও সুমনকে আটক করা হয়। এ সময় বারের কয়েকজন নিরাপত্তাকর্মীকেও আটক করে মোহাম্মদপুর থানা-পুলিশ।

আবদুল কাহহার মিয়াজী

সম্পাদনা

আবদুল কাহহার মিয়াজী

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট