logo

আগুনে দগ্ধ সেই নবজাতকের মৃত্যু, বাবার হত্যা মামলা

আগুনে দগ্ধ সেই নবজাতকের মৃত্যু, বাবার হত্যা মামলা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: ডয়েচে ভেলে

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আগুনে দগ্ধ পাঁচ ঘণ্টা বয়সি সেই নবজাতকের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টার দিকে হাসপাতালের নবজাতক বিভাগের ২১১ নম্বর ওয়ার্ডের ইনকিউবেটরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নবজাতকের বাবা চকবাজার থানায় একটি হত্যা মামলা করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৭ নভেম্বর নবজাতকটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের ২১১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে ইনকিউবেটরে রেখে তার চিকিৎসা চলছিল। বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, মৃত্যুর পর নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় নবজাতকের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেছেন।

নিহত নবজাতকের বাবা গোলাম রাব্বানী। তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার কাহালু উপজেলার পলি বগুই গ্রামে। নবজাতকের মায়ের নাম শাপলা।