শাহজালাল বিমানবন্দরে ছিনতাই করতে গিয়ে নারী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক শিশুর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর সময় সুমাইয়া আক্তার (২২) নামে এক নারীকে আটক করেছেন আনসার সদস্যরা।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বুধবার (১১ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে বিমানবন্দরের ক্যানোপি-০২ এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়
আনসার কর্মকর্তা নাজমুস সাকিব বলেন, বিমানবন্দরের ক্যানোপি-০২ এলাকায় এক যাত্রীর শিশুসন্তানের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন সুমাইয়া। এ সময় ভুক্তভোগী পরিবারের চিৎকার শুনে সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
পরে ক্যানোপি-০২ এলাকার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ পিসি মো. আলতাফ হোসেন, এপিসি মো. মতিয়ার রহমান এবং নারী আনসার সদস্য কমলা বেগম ও রিপা আক্তার ছিনতাইকারীকে ধাওয়া করেন। একপর্যায়ে বটতলা কার পার্কিং এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আনসার সদস্যরা উদ্ধার করা স্বর্ণের চেইনটি যাচাই-বাছাই শেষে ভুক্তভোগী পরিবারের কাছে ফিরিয়ে দেন। পরে বিমানবন্দর ডিওসি অফিসারের অনুমতিক্রমে আটক সুমাইয়াকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেট কোর্টে হস্তান্তর করা হয়।








