logo

রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি

রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি
রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট। ছবি : এশিয়া পোস্ট

নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে রাজধানীজুড়ে নিরাপত্তা তৎপরতা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকায় বসানো হয়েছে জোরালো চেকপোস্ট। পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি।

বুধবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে পরিচালিত এসব কার্যক্রমে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

এ ছাড়া ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। বিশেষ করে সড়কে চলাচলরত যানবাহন ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিচ্ছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ তৎপরতা অব্যাহত রয়েছে। নগরবাসীর জানমাল ও যানবাহনের নিরাপত্তা রক্ষায় পুলিশ সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে।