‘হাইব্রিড যুদ্ধের’ ছায়া ইউরোপে, ইতালির ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি

ইতালিজুড়ে অন্তত ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলার হুমকির পর দেশজুড়ে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। বুধবার (১১ নভেম্বর) পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি করে শত শত স্কুলের শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরে ক্লাস স্থগিত ঘোষণা করা হয়।
দেশটির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা এই বোমা হামলার হুমকির ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতালির বিভিন্ন প্রান্তের ৩০০টির বেশি স্কুলে নিরবচ্ছিন্ন ও পরিকল্পিত বোমা হামলার হুমকি পাওয়া গেছে।
ইতালির জনপ্রিয় টেলিভিশন চ্যানেল লা৭-কে দেওয়া এক সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী জিউসেপ্পে বলেন, ‘হুমকি সংবলিত বার্তার কারণে ইতোমধ্যে প্রায় ৩০০টি স্কুল পুরোপুরি খালি করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় এই সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার শঙ্কা রয়েছে।’
দেশজুড়ে ছড়িয়ে পড়া এই সতর্কতার অংশ হিসেবে রাজধানী রোমের একটি বিদ্যালয় থেকে অভিভাবকদের কাছে পাঠানো জরুরি বার্তায় বলা হয়, ‘জাতীয় পর্যায়ে বোমার হুমকির পরিপ্রেক্ষিতে আপনাদের আশ্বস্ত করা হচ্ছে যে, সব শিক্ষার্থীকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং তারা বর্তমানে শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে।’
বিষয়টি সম্পর্কে অবগত একটি উচ্চপর্যায়ের সরকারি সূত্র জানিয়েছে, হুমকি দিয়ে পাঠানো ই-মেইলের নিচে স্বাক্ষরকারী হিসেবে লেখা রয়েছে, ‘মিখাইল আন্দ্রোপভ, মিসোগিনিস্তান বিলায়াতের নেতা’।
এই রহস্যময় নাম এবং হুমকিদাতাদের প্রকৃত পরিচয়, উদ্দেশ্য উন্মোচনে ইতোমধ্যে রোম পুলিশের একটি বিশেষ বিভাগ ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিত তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র।
সম্প্রতি ইউরোপজুড়ে তথাকথিত ‘হাইব্রিড ওয়ারফেয়ার’ বা বহুমুখী প্রথাগত ও অপ্রথাগত হামলার শঙ্কা এবং নিরাপত্তা উদ্বেগ ক্রমাগত বৃদ্ধির মাঝেই ইতালির এই নজিরবিহীন ঘটনা ঘটল।
এর আগে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে সুপারমার্কেট, ব্লাড ব্যাংক, বেসামরিক বিমান চলাচল ব্যবস্থা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ টেলিভিশন সম্প্রচার কেন্দ্রগুলোতে এ ধরনের ধারাবাহিক ভুয়া বোমার হুমকি, সাইবার হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনা ইউরোপীয় অবকাঠামোকে অস্থিতিশীল করার কোনো সুদূরপ্রসারী চক্রান্তের অংশ কি না, তা নিয়ে গভীরভাবে খতিয়ে দেখছেন ইউরোপীয় নিরাপত্তা বিশ্লেষকেরা।
সূত্র: রয়টার্স, ইন্ডিপেন্ডেন্ট ইউকে
(2)-6182f1.jpg)











