logo

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ দেখতে গিয়ে হামলায় গার্মেন্টস কর্মী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ দেখতে গিয়ে হামলায় গার্মেন্টস কর্মী নিহত
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা। ছবি : এশিয়া পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ দেখতে গিয়ে হামলার শিকার হয়ে মো. সোহাগ মিয়া (৩২) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড় ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নরসিংদীর পাঁচদোনা এলাকায় তার মৃত্যু হয়। এর আগে একই দিন দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মঈন বাজারের পূর্ব পাশে বেপারহাটি এলাকায় তিনি গুরুতর আহত হন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোবারক ও হানিফ নামে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় সোহাগ তৃতীয় পক্ষ হিসেবে সংঘর্ষ দেখতে গেলে হানিফ পক্ষের লোকজন তাকে মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে।

পরে বিকেল সাড়ে ৬টার দিকে হানিফ পক্ষের লোকজনই তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে ভর্তির সময় তার প্রকৃত পরিচয় গোপন করে আব্দুল নাম ব্যবহার করা হয় বলে হাসপাতালের ভর্তি টিকিটে উল্লেখ রয়েছে। সেখানে তার বয়স ৩৫ বছর এবং বাবার নাম জিন্নাত আলী লেখা হয়। তবে তার প্রকৃত নাম সোহাগ মিয়া এবং বাবার নাম এলেম বলে জানা গেছে।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। পরে ঢাকায় নেওয়ার পথে রাত সাড় ১১টার দিকে পাঁচদোনা এলাকায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের ভাই রাকিব জানান, তার ভাই সোহাগ চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করতেন। তিন-চার দিন আগে অন্য একটি প্রতিষ্ঠানে চাকরির জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। সোহাগ মাদক ব্যবসা কিংবা কোনো ধরনের মারামারির সঙ্গে জড়িত ছিলেন না দাবি করে রাকিব অভিযোগ করেন, হানিফ তার ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আধিপত্য বিস্তার নাকি মাদক ব্যবসা-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।