সড়কে রক্তাক্ত বাবাকে পড়ে থাকতে দেখলেন ছেলে, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ও খুটাখালী এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের একজন পল্লী চিকিৎসক বাবুল দে (৬৫) এবং অন্যজন মহিউদ্দিন খালেদ রনি (৪১)। ঘটনার পর ঘাতক যানবাহন ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলগুলো জব্দ করেছে মালুমঘাট হাইওয়ে থানা-পুলিশ।
নিহত বাবুল দে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি ডুলাহাজারা স্টেশনে ওষুধের দোকান চালাতেন। অন্যদিকে মহিউদ্দিন খালেদ রনি একই উপজেলার খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে প্রতিদিনের মতো ওষুধের দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বাবুল দে। একই সময়ে তার ছেলে রনি দে অন্য একটি মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় বাবাকে রক্তাক্ত অবস্থায় মহাসড়কে পড়ে থাকতে দেখেন ছেলে।
এ সময় বাবুল দের কোমর থেকে নিচের অংশ থেঁতলানো ছিল। বাবাকে এই অবস্থায় দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নেন রনি। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক বাবুল দেকে মৃত ঘোষণা করেন। নিহত বাবুল দের ওষুধের দোকানে তার ছেলেও বসতেন।
মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া বলেন, ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী কোনো বাস বা ট্রাক বাবুল দেকে চাপা দিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এদিকে একই রাতে আরেকটি দুর্ঘটনায় প্রাণ হারান মহিউদ্দিন খালেদ রনি। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে খুটাখালী স্টেশনে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি নিহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় মহাসড়কের খুটাখালী স্টেশনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন মহিউদ্দিন। এ সময় বাসটি হঠাৎ জোরে ব্রেক করলে দুটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মহিউদ্দিন ও মোটরসাইকেলচালক আবু বক্কর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত আবু বক্করকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এসআই সেলিম মিয়া আরও বলেন, দুর্ঘটনার পর সৌদিয়া পরিবহনের বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলগুলো জব্দ করা হয়েছে। নিহত মহিউদ্দিনের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









