কারাগার থেকে হাসপাতালে ইমরান, চিকিৎসা নিয়ে নতুন বিতর্ক

চোখের সমস্যায় গভীর রাতে আবারও হাসপাতালে নিতে হলো পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খানকে। চিকিৎসা শেষে তাকে ফিরিয়ে নেওয়া হয়েছে কারাগারে। তবে এই চিকিৎসাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে পাকিস্তানে। সরকারি হাসপাতাল তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানালেও চিকিৎসার স্বচ্ছতা ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিয়ে প্রশ্ন তুলেছে ইমরানের রাজনৈতিক দল। বিশেষ করে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসার সুযোগ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবারের সদস্য ও আইনজীবীরা।
বুধবার (১১ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স ও পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে ইমরানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চোখের পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা শেষে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শে ইমরানের ডান চোখে অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন দেওয়া হয়েছে। চিকিৎসার আগে তার শারীরিক ও চোখের পরীক্ষা করা হয়। এ সময় রক্তচাপসহ গুরুত্বপূর্ণ শারীরিক সূচকগুলো স্বাভাবিক ছিল। চিকিৎসা চলাকালেও তার অবস্থা স্থিতিশীল ছিল বলে জানিয়েছে হাসপাতাল।
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য অনুযায়ী, এ নিয়ে ষষ্ঠবারের মতো ইমরানের চোখে অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন দেওয়া হলো। চলতি বছরের ২৪ জানুয়ারি প্রথমবার এই চিকিৎসা নিয়েছিলেন তিনি।
চিকিৎসা শেষে বুধবার স্থানীয় সময় ভোর আড়াইটার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় ইমরানকে। এরপর কড়া নিরাপত্তার মধ্যে আবারও আদিয়ালা কারাগারে নেওয়া হয় তাঁকে।
২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন পাকিস্তানকে ১৯৯২ সালের বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক। দীর্ঘ কারাবাসের মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে অভিযোগ করে আসছেন পরিবারের সদস্য ও আইনজীবীরা। বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তি নিয়ে উদ্বেগ রয়েছে তাঁদের।
চলতি বছরের জানুয়ারিতে ইমরানের ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (সিআরভিও) নামের একটি সমস্যা শনাক্ত হয়। এতে চোখের রেটিনার প্রধান শিরায় রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়, যার ফলে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।
ইমরানের আইনজীবীদের দাবি, কারাগারে থাকা অবস্থায় তার ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে বিভিন্ন সময়ে সরকারি হাসপাতালের চিকিৎসা প্রতিবেদনে উন্নতির কথাও জানানো হয়েছে।
এর আগে গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানকে বিশেষায়িত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই)। অন্যদিকে, সরকারি কর্তৃপক্ষ আদালতের ওই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করেছে।
এবারও ইমরানকে হাসপাতালে নেওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে পিটিআই। দলের চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান জানিয়েছেন, সংবাদমাধ্যম থেকে ইমরানের হাসপাতালে নেওয়ার খবর জানতে পেরেছেন তিনি। তার দাবি, চিকিৎসার বিষয়ে পরিবার ও ব্যক্তিগত চিকিৎসকদের যথাযথভাবে অবহিত করা হয়নি।
ইমরানকে বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর এবং তার ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের প্রতিনিধির উপস্থিতিতে চিকিৎসা নিশ্চিত করার দাবিও পুনর্ব্যক্ত করেছেন পিটিআই নেতারা।
ইমরানের চিকিৎসা নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ক্রিকেট অধিনায়করা। পাকিস্তান সরকারকে তার যথাযথ চিকিৎসা ও মানবিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন তারা।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দেওয়া ইমরান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে বিভিন্ন মামলায় কারাবন্দি তিনি। নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন ইমরান। যদিও পাকিস্তান সরকার সেই অভিযোগ অস্বীকার করেছে।
সর্বশেষ চিকিৎসার পর হাসপাতাল কর্তৃপক্ষ তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে। তবে ডান চোখের দৃষ্টিশক্তির কতটা উন্নতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।











