ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে ভর্তির নির্দেশ

আদালতের রায়ে কিছুটা স্বস্তি পেলেন পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে দ্রুত রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।
মঙ্গলবার (১৮ আগস্ট) সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাবেক এই প্রধানমন্ত্রীকে ইসলামাবাদে অবস্থিত শিফা আন্তর্জাতিক হাসপাতালে ভর্তি করাতে হবে।
আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে তার চিকিৎসা চলবে। চিকিৎসা চলাকালীন সপ্তাহে এক দিন পরিবারের সদস্যদের তার সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর মুখপাত্র নইম হায়দর পানজুথা আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিশ্চিত করেছেন যে, শীর্ষ আদালত তার সুচিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন।
ওই মেডিকেল বোর্ডে ইমরানের ব্যক্তিগত চিকিৎসকের পাশাপাশি তার বোন ও পেশায় চিকিৎসক উজমা খান অন্তর্ভুক্ত থাকবেন। তবে চিকিৎসার বিষয়ে যেন কোনো রাজনীতি না হয়, তা নিশ্চিত করতে ইমরানের সব মেডিকেল রিপোর্ট সংবাদমাধ্যমে প্রকাশ না করারও নির্দেশ জারি করেছেন সুপ্রিম কোর্ট।
২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাবন্দি রয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। তোশাখানা দুর্নীতিসহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত এই সাবেক রাষ্ট্রপ্রধান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে শুরু থেকেই দাবি করে আসছেন। জেলে তার স্বাস্থ্যের চরম অবনতি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছিল তার পরিবার ও দল।


