logo

১১৫ ধাপ লাফিয়ে ৬০-এ হৃদয়, আইসিসি র‍্যাঙ্কিংয়ে চমক

১১৫ ধাপ লাফিয়ে ৬০-এ হৃদয়, আইসিসি র‍্যাঙ্কিংয়ে চমক
তাওহিদ হৃদয়। ছবি: এএফপি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ব্যাট হাতে রীতিমতো ইতিহাস গড়েছিলেন তাওহিদ হৃদয়। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের মহাকাব্যিক ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও করেছিলেন ৮২ রান। এবার সেই পারফরম্যান্সের বড় পুরস্কার পেলেন বাংলাদেশের এই ব্যাটার। আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে একশর বাইরে থেকে এক লাফে ৬০তম স্থানে উঠে এসেছেন তিনি। রেকর্ডগড়া ব্যাটিংয়ের পর র‍্যাঙ্কিংয়েও বড় উত্থান হলো ২৫ বছর বয়সী হৃদয়ের।

বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে হৃদয়ের এই উন্নতির কথা জানানো হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিতেই এত বড় লাফ দিয়েছেন তিনি।

সিলেটে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৩৫৯ বলে অপরাজিত ২৪২ রান করেন হৃদয়। তার ইনিংসে ছিল ২২টি চার ও ১১টি ছক্কা। একপর্যায়ে মাত্র ১৮৪ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ তার ব্যাটে ভর করেই ৩৮৬ রানে পৌঁছায়। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের জবাবে ৩০ রানের লিড পায় স্বাগতিকরা।

সেই ইনিংসে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও গড়েন হৃদয়। এর আগে সর্বোচ্চ ২১৯ রানের রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রান করেছিলেন তিনি।

পাশাপাশি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও নিজের করে নেন হৃদয়। আগে এই মাঠে সর্বোচ্চ ১৭১ রান করেছিলেন মাহমুদুল হাসান জয়।

শুধু রান নয়, এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১১টি ছক্কা মারার রেকর্ডও গড়েন হৃদয়। এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ২০৬ রানের ইনিংসে সাতটি ছক্কা মেরেছিলেন তামিম ইকবাল।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দলের বিপদে এগিয়ে আসেন হৃদয়। ১৪০ বলে ৮টি চারে করেন ৮২ রান। মুশফিকুর রহিমের সঙ্গে গড়েন ১৩৫ রানের গুরুত্বপূর্ণ জুটি। শেষ পর্যন্ত আলোকস্বল্পতায় ম্যাচ ড্র হলেও দুই ইনিংসে মোট ৩২৪ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি।

এক টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন হৃদয়। এর আগে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে ২৮১ রান করেছিলেন মুমিনুল হক।

দুই ম্যাচের সিরিজে চার ইনিংসে ৩৬৬ রান নিয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন হৃদয়। তার ব্যাটিং গড় ছিল ১২২। যদিও সিরিজটি ১-০ ব্যবধানে জেতে ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের হৃদয়ের পাশাপাশি উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটারেরও। কাভেম হজ ১২ ধাপ এগিয়ে ৫২তম এবং আমির জাঙ্গু ২৮ ধাপ এগিয়ে ৬২তম স্থানে উঠেছেন।

বোলারদের মধ্যে ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিক্যান ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ১৯তম স্থানে উঠে এসেছেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজসেরার পুরস্কার পাওয়া এই বাঁহাতি স্পিনার অর্জন করেছেন ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট।

তবে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এবারের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে আলোচিত উন্নতি হৃদয়েরই। একশর বাইরে থেকে সরাসরি সেরা ষাটে জায়গা করে নিয়েছেন তিনি।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট