দুই বাড়ির সামনে পাওয়া গেল চিরকুট, লেখা ‘১০-১২ দিনের মধ্যে ভালোমন্দ খেয়ে নিও’

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও রহস্যজনক চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ করে আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা লেখা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের বাচ্চু মালিথা (৩০) ও মনি ডাক্তার (৪২) নামে দুই ব্যক্তির বাড়িতে এসব সামগ্রী পড়ে থাকতে দেখা যায়।
ভুক্তভোগী বাচ্চু মালিথা গ্রামের ফকির মালিথার ছেলে এবং মনি ডাক্তার জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা পৃথকভাবে বাড়ি দুটিতে এসব সামগ্রী রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী ও চিরকুট দেখতে পান।
বাচ্চু মালিথার বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’
অন্যদিকে মনি ডাক্তারের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’
ভুক্তভোগী মনি ডাক্তার বলেন, সকালে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। কে বা কারা এসব রেখে গেছে, তা তিনি জানেন না। বিষয়টি সম্পর্কে কিছুটা আঁচ করতে পারলেও এখনই বিস্তারিত বলতে চান না। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করতে তিনি থানায় এসেছেন।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, বুধবার সকালে চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, তারা বিষয়টি শুনেছেন। তিনি বর্তমানে কুষ্টিয়ায় একটি সভায় রয়েছেন। ভুক্তভোগীদের থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে বলা হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।










