logo

জবিতে ককটেল বিস্ফোরণে মামলা, ছাত্রলীগ নেতার ৩ দিনের রিমান্ড

জবিতে ককটেল বিস্ফোরণে মামলা, ছাত্রলীগ নেতার ৩ দিনের রিমান্ড
ছাত্রলীগ নেতা মো. রেজওয়ান আহম্মেদকে আদালতে নেওয়া হয়। ছবি: এশিয়া পোস্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক মো. রেজওয়ান আহম্মেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলেও শুনানি শেষে তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল আলম টুটুল রেজওয়ানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন জানান। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটসংলগ্ন পাকা সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে রেজওয়ান ঘটনার সঙ্গে অন্য আসামিদের পাশাপাশি অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের সম্পৃক্ততার কথা জানিয়েছেন বলে দাবি করা হয়েছে। পরবর্তীতে উত্তেজিত জনতার মারধরে আহত হলে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসাইন বাদী হয়ে রেজওয়ানসহ অন্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, ককটেল বিস্ফোরণের পেছনের উদ্দেশ্য, ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের পরিচয় এবং তাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য উদ্‌ঘাটনের জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তার রিমান্ড আবেদন করা হয়।