ত্বক থেকে শুরু করে শরীরের যত্নে ফিটকিরি কতটা কার্যকর

ফিটকিরি আমাদের অনেকের কাছেই পরিচিত একটি উপাদান। পানির ময়লা দূর করতে অনেকেই ফিটকিরি ব্যবহার করে থাকেন। এর পাশাপাশি শেভ করার পর ত্বকের যত্ন, শরীরের দুর্গন্ধ কমানো বা ছোটখাটো কাটা স্থানে রক্তপাত বন্ধ করতেও এটি ব্যবহার করা হয়। অনেকে তো কড়াইয়ের পোড়া দাগ তুলতেও ফিটকিরি ব্যবহার করেন। আবার ত্বক টানটান রাখা, ব্রণ কমানো ও ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্যও ফিটকিরি ব্যবহার করা হয়।
তবে ফিটকিরির সব প্রচলিত ব্যবহার কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না। এর কিছু উপকারিতা নিয়ে গবেষণা আছে, আবার কিছু ক্ষেত্রে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। ভুলভাবে ব্যবহার করলে ত্বকে শুষ্কতা, জ্বালাপোড়া ও অ্যালার্জির মতো সমস্যাও হতে পারে। তাই ফিটকিরি ব্যবহারের আগে এর উপকারিতা, সীমাবদ্ধতা ও সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানা জরুরি।
ফিটকিরি কী এবং এটি কী দিয়ে তৈরি?
ফিটকিরি এক ধরনের খনিজ লবণ। ইংরেজিতে একে Alum বলা হয়। সাধারণত বাজারে পাওয়া সাদা ফিটকিরি হলো পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। এটি দেখতে স্বচ্ছ বা সাদাটে হয়ে থাকে। পানিতে সহজে দ্রবীভূত হয়। এর মধ্যে সংকোচনকারী বা অ্যাস্ট্রিনজেন্ট বৈশিষ্ট্য আছে।

ফিটকিরির এই বৈশিষ্ট্যের কারণে এটি ত্বকের ওপর সাময়িকভাবে টানটান অনুভূতি তৈরি করতে পারে। পাশাপাশি এর মধ্যে কিছু ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমানোর ক্ষমতাও আছে। এ কারণে প্রসাধনী, ডিওডোরেন্ট, শেভিং পণ্য ও পানি পরিশোধনের কাজে ফিটকিরি ব্যবহার করা হয়।
ফিটকিরির উপকারিতা কী কী?
ফিটকিরির কয়েকটি সম্ভাব্য ব্যবহার ও উপকারিতা আছে। তবে সব উপকারিতা নিয়ে মানুষের ওপর পর্যাপ্ত গবেষণা হয়নি।
শরীরের দুর্গন্ধ কমাতে সাহায্য করে
ফিটকিরি ঘামের দুর্গন্ধ কমাতে পারে। শরীরের ঘামের সঙ্গে ত্বকে থাকা ব্যাকটেরিয়ার মিথস্ক্রিয়ায় অনেক সময় দুর্গন্ধ তৈরি হয়। ফিটকিরির অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য দুর্গন্ধ সৃষ্টিকারী কিছু ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমাতে পারে। এ কারণে অনেকে বগলের নিচে ফিটকিরি ব্যবহার করেন। বাজারে ক্রিস্টাল ডিওডোরেন্ট হিসেবেও এটি পাওয়া যায়।

তবে ফিটকিরি ঘাম পুরোপুরি দূর করতে পারে না। এটি মূলত দুর্গন্ধ কমাতে সাহায্য করতে পারে। ঘাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে এর কার্যকারিতা পণ্যের ধরন ও ব্যবহারের ওপর নির্ভর করে।
শেভ করার পর ত্বকের যত্নে ব্যবহার করা হয়
শেভ করার সময় অনেকের ত্বকে ছোটখাটো কেটে যাওয়া, জ্বালাপোড়া বা লালচে ভাব দেখা দেয়। ফিটকিরির সংকোচনকারী বৈশিষ্ট্য ছোটখাটো কাটার রক্তপাত সাময়িকভাবে বন্ধ করতে সাহায্য করতে পারে।
এ ছাড়া শেভ করার পর ত্বকে থাকা কিছু ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমাতেও এটি ভূমিকা রাখতে পারে। এ কারণে অনেক আফটারশেভ পণ্যে ফিটকিরি ব্যবহার করা হয়। তবে বড় বা গভীর ক্ষত বা সংক্রমিত স্থানে ফিটকিরি ব্যবহার করা উচিত না।
ত্বকের তৈলাক্ত ভাব কমাতে পারে
ফিটকিরির অ্যাস্ট্রিনজেন্ট বৈশিষ্ট্যের কারণে ত্বকে সাময়িক টানটান অনুভূতি তৈরি হয়। এতে ত্বকের তৈলাক্ত ভাব কিছুটা কম মনে হতে পারে। অনেকে ফিটকিরি পানিতে মিশিয়ে টোনার হিসেবে ব্যবহার করেন। তবে এটি ত্বকের যত্নে কতটা কার্যকর, তার নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই।

ব্রণ কমাতে কতটা সহায়ক
ফিটকিরির কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে। এ কারণে অনেকে মনে করেন, এটি ব্রণ কমাতে সাহায্য করে।
তবে ব্রণের চিকিৎসায় ফিটকিরি আসলে কতটা কার্যকর, এমন পর্যাপ্ত গবেষণা নেই। ব্রণের পেছনে অতিরিক্ত তেল, মৃত কোষ, ব্যাকটেরিয়া ও হরমোনসহ একাধিক কারণ কাজ করে। শুধু ফিটকিরি ব্যবহার করে ব্রণ দূর করা যায়, এমন নিশ্চয়তা নেই। বরং সংবেদনশীল ত্বকে এটি জ্বালাপোড়া তৈরি করতে পারে।
ত্বক টানটান দেখাতে সাহায্য করে
ফিটকিরির অ্যাস্ট্রিনজেন্ট বৈশিষ্ট্য ত্বকের উপরিভাগের টিস্যুতে সাময়িক সংকোচন তৈরি করে। ফলে ত্বক কিছুটা টানটান দেখাতে পারে ও বড় রোমকূপের উপস্থিতি সাময়িকভাবে কম মনে হতে পারে।
তবে এটি রোমকূপ স্থায়ীভাবে ছোট করে না। একইভাবে বলিরেখা দূর করা বা ত্বকের বয়সের ছাপ কমানোর নির্ভরযোগ্য চিকিৎসা হিসেবেও ফিটকিরি প্রমাণিত না।
ছোটখাটো কাটা স্থানে রক্তপাত বন্ধ করতে সাহায্য করে
ফিটকিরি একটি অ্যাস্ট্রিনজেন্ট উপাদান। এটি ত্বকের উপরিভাগের টিস্যু সংকুচিত করে ছোটখাটো কাটার রক্তপাত কমাতে পারে। এ কারণে শেভিং স্টিক ও স্টাইপটিক পেন্সিলে ফিটকিরি ব্যবহার করা হয়। তবে গভীর ক্ষত, বেশি রক্তপাত বা গুরুতর আঘাতের ক্ষেত্রে চিকিৎসা নেওয়া জরুরি।
মুখের দুর্গন্ধ ও মাড়ির সমস্যায় উপকারী কি না
ফিটকিরির অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য নিয়ে কিছু গবেষণা হয়েছে। বিশেষ করে পরীক্ষাগারে কিছু মুখের ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমানোর সম্ভাবনা দেখা গেছে। শিশুদের ক্ষেত্রে ফিটকিরি দিয়ে তৈরি মাউথওয়াশ ব্যবহার নিয়ে একটি গবেষণায় মুখের কিছু ব্যাকটেরিয়ার পরিমাণ কমার ইঙ্গিত পাওয়া গেছে।

তবে এটি মাড়ির রোগ, মুখের ঘা বা দুর্গন্ধের প্রমাণিত চিকিৎসা না। চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব সমস্যায় ফিটকিরি ব্যবহার করা উচিত না।
পানি পরিষ্কার করতে সাহায্য করে
ফিটকিরির একটি পরিচিত ব্যবহার হলো ঘোলা পানির ময়লা দূর করা। পানিতে ফিটকিরি যোগ করলে পানির মধ্যে ভাসমান ছোট ছোট ময়লা ও কণাগুলো একত্র হয়ে বড় কণায় পরিণত হয়। এগুলো পরে পানির নিচে জমা হয়। এই প্রক্রিয়াকে ফ্লকুলেশন বলা হয়। ফলে পানি দেখতে তুলনামূলক পরিষ্কার মনে হয়।
তবে শুধু ফিটকিরি দিয়ে পানি নিরাপদ পানযোগ্য হয়ে যায় না। এতে জীবাণু, ভাইরাস ও অন্যান্য ক্ষতিকর উপাদান থেকে যেতে পারে। তাই ফিটকিরি ব্যবহারের পর পানি ছেঁকে যথাযথভাবে ফুটিয়ে বা অন্য অনুমোদিত পদ্ধতিতে জীবাণুমুক্ত করতে হবে।
ত্বকের কিছু ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমাতে পারে
ফিটকিরি নিয়ে ২০১৪ সালের একটি পরীক্ষাগারভিত্তিক গবেষণায় বগলের ত্বক থেকে পাওয়া কিছু ব্যাকটেরিয়ার ওপর এর প্রভাব পরীক্ষা করা হয়েছিল। সেখানে কয়েক ধরনের ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমানোর ইঙ্গিত পাওয়া যায়।

তবে পরীক্ষাগারে ব্যাকটেরিয়ার ওপর কার্যকারিতা দেখা গেলেই যে মানুষের ত্বকে একই ফল পাওয়া যাবে, এটা ভুল। এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।
ওজন কমাতে কি ফিটকিরি কাজ করে?
ফিটকিরি খেলে ওজন কমে, এমন দাবি প্রচলিত থাকলেও মানুষের ক্ষেত্রে এর কার্যকারিতার নির্ভরযোগ্য প্রমাণ নেই।
PharmEasy-তে উল্লেখ করা একটি প্রাণীর ওপর করা গবেষণায় পটাশ অ্যালাম গ্রহণের পর শরীরের ওজন ও কিছু রক্তের চর্বির মাত্রায় পরিবর্তন দেখা গিয়েছিল। কিন্তু প্রাণীর ওপর পাওয়া ফলাফল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য কি না, তা নিশ্চিত না। তাই ওজন কমানোর জন্য ফিটকিরি খাওয়া বিপজ্জনক হতে পারে। এটি কোনো ওজন কমানোর ওষুধ না।
ত্বক ফর্সা করতে ফিটকিরি কি কার্যকর?
ত্বক ফর্সা করার জন্য অনেকেই ফিটকিরি ব্যবহার করেন। কিন্তু ফিটকিরি ত্বকের প্রাকৃতিক রং পরিবর্তন করে বা মেলানিন কমিয়ে দেয়, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।
ফিটকিরি ব্যবহারের পর ত্বক সাময়িকভাবে টানটান বা মসৃণ মনে হতে পারে। কেউ কেউ এটিকে ত্বক উজ্জ্বল হওয়ার সঙ্গে গুলিয়ে ফেলেন। তাই ত্বকের কালচে দাগ, মেছতা বা পিগমেন্টেশন দূর করার উপায় হিসেবে এটি ব্যবহার করা ঠিক না।
চুলের যত্নে ফিটকিরির ব্যবহার কতটা কাজে লাগে
অনেকে খুশকি কমানো, মাথার ত্বক পরিষ্কার রাখা বা চুলের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণের জন্য ফিটকিরি ব্যবহার করেন।
ফিটকিরির কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকলেও খুশকি দূর করা বা চুল পড়া বন্ধ করার ক্ষেত্রে এর কার্যকারিতা নিয়ে পর্যাপ্ত বৈজ্ঞানিক গবেষণা নেই। বরং মাথার ত্বকে সরাসরি ফিটকিরি ব্যবহার করলে শুষ্কতা, চুলকানি বা জ্বালাপোড়া হতে পারে। তাই চুলের যত্নে এটিকে প্রমাণিত চিকিৎসা হিসেবে বিবেচনা করা উচিত না।
ফিটকিরি কীভাবে ব্যবহার করবেন?
ফিটকিরি বিভিন্নভাবে ব্যবহার করা হয়। তবে ত্বকে ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।
শেভ করার পর: ত্বক ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভেজা ফিটকিরির ব্লক আলতোভাবে ব্যবহার করা যায়। কয়েক সেকেন্ড পর ধুয়ে ময়েশ্চারাইজার লাগানো উচিত।

ছোটখাটো কাটায়: ফিটকিরিযুক্ত স্টাইপটিক পেন্সিল বা উপযুক্ত পণ্য নির্দেশনা অনুযায়ী ব্যবহার করা যায়।
বগলের দুর্গন্ধে: ত্বকের জন্য তৈরি ফিটকিরির ডিওডোরেন্ট পণ্য ব্যবহার করা যেতে পারে।
পানি পরিষ্কারে: উপযুক্ত মাত্রায় ফিটকিরি ব্যবহার করে ময়লা জমতে দিতে হবে। এরপর পানি ছেঁকে জীবাণুমুক্ত করতে হবে।
ফিটকিরি ব্যবহারের কোনো সর্বজনীন নিরাপদ মাত্রা নেই। এটি কী উদ্দেশ্যে ও কোন ধরনের পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, তার ওপর নিরাপদ ব্যবহার নির্ভর করে।
ফিটকিরির পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি?
ফিটকিরি প্রাকৃতিক খনিজ উপাদান হলেও এর ব্যবহার সব সময় ঝুঁকিমুক্ত না। বিশেষ করে অতিরিক্ত ব্যবহার বা সংবেদনশীল ত্বকে ব্যবহারের ফলে কিছু সমস্যা দেখা দিতে পারে।
ত্বক শুষ্ক হয়ে যাওয়া: ফিটকিরির সংকোচনকারী বৈশিষ্ট্যের কারণে ত্বক অতিরিক্ত শুষ্ক ও টানটান হয়ে যেতে পারে।
জ্বালাপোড়া ও চুলকানি: সংবেদনশীল ত্বকে ফিটকিরি ব্যবহারের পর জ্বালাপোড়া, চুলকানি বা অস্বস্তি হতে পারে।
অ্যালার্জি: কারও কারও ক্ষেত্রে ফিটকিরি বা এর উপাদানের কারণে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ত্বকে লালচে ভাব, ফুসকুড়ি বা চাকা ওঠা এর লক্ষণ হতে পারে।
চোখে জ্বালাপোড়া: ফিটকিরি চোখে গেলে জ্বালাপোড়া হতে পারে। চোখে গেলে পরিষ্কার স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ১৫ থেকে ২০ মিনিট ধুয়ে ফেলতে হবে। সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ক্ষতস্থানে অস্বস্তি: ক্ষতিগ্রস্ত বা আগে থেকেই সংবেদনশীল ত্বকে ফিটকিরি ব্যবহার করলে জ্বালা ও অস্বস্তি বাড়তে পারে।
গুরুতর অ্যালার্জির ঝুঁকি: বিরল ক্ষেত্রে তীব্র অ্যালার্জি হতে পারে। মুখ বা গলা ফুলে যাওয়া, শ্বাসকষ্ট বা মাথা ঘুরে অজ্ঞান হওয়ার মতো লক্ষণ দেখা দিলে জরুরি চিকিৎসা নিতে হবে।
ফিটকিরি ব্যবহারে যেসব সতর্কতা মানতে হবে
ফিটকিরি ব্যবহারের আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।
- প্রথমবার ব্যবহারের আগে ত্বকের ছোট একটি অংশে পরীক্ষা করে নিতে হবে।
- সংবেদনশীল, ক্ষতিগ্রস্ত বা জ্বালাযুক্ত ত্বকে ব্যবহার এড়িয়ে চলতে হবে।
- চোখ ও মুখের ভেতরে সরাসরি ফিটকিরি ব্যবহার করা উচিত না।
- ত্বকে জ্বালাপোড়া বা চুলকানি শুরু হলে ব্যবহার বন্ধ করে জায়গাটি পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
- গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা, শিশু ও বয়স্কদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধি উদ্দেশ্যে ফিটকিরি ব্যবহার করা উচিত না।
- কিডনির রোগ থাকলে ফিটকিরি খাওয়া বা শরীরের ভেতরে ব্যবহারের বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে।
- চিকিৎসকের দেওয়া ওষুধ বা চিকিৎসার বিকল্প হিসেবে ফিটকিরি ব্যবহার করা যাবে না।
ফিটকিরি খাওয়া কি নিরাপদ?
ফিটকিরি খাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে। কিছু নির্দিষ্ট খাদ্য প্রক্রিয়াকরণে অনুমোদিত অ্যালাম ব্যবহার করা হলেও বাজারে পাওয়া সাধারণ ফিটকিরি খাওয়ার উপযোগী না।
বিশেষ করে ফিটকিরি পানিতে মিশিয়ে নিয়মিত পান করা, ওজন কমানোর জন্য খাওয়া বা কোনো রোগের চিকিৎসায় ব্যবহার করা নিরাপদ পদ্ধতি না।
ভুল করে ফিটকিরি খেয়ে ফেললে ঝুঁকি তৈরি হতে পারে। বমি, পেটব্যথা বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বেশি পরিমাণে খেলে দ্রুত চিকিৎসা নিতে হবে।
ফিটকিরি দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ব্যবহৃত একটি পরিচিত খনিজ উপাদান। শরীরের দুর্গন্ধ কমানো, শেভ করার পর ত্বকের যত্ন এবং ঘোলা পানির ময়লা দূর করার মতো কিছু ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে। তবে ত্বক ফর্সা করা, ব্রণ দূর করা, চুল পড়া বন্ধ করা বা ওজন কমানোর মতো প্রচলিত দাবির পক্ষে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই।
তাই ফিটকিরিকে সব সমস্যার সমাধান মনে করে ব্যবহার করা উচিত না। বিশেষ করে চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহারের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
তথ্যসূত্র
PharmEasy: Alum: Uses, Benefits & Side Effects
ManipalCigna: Health Benefits of Alum
Medical News Today: What is alum and is it safe to use on the skin?









