logo

বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, শোকে প্রাণ হারালেন বাবাও

বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, শোকে প্রাণ হারালেন বাবাও
মাহফুজুর রহমান। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া

কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকায় বড় ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন অসুস্থ বাবা।

বুধবার (১১ নভেম্বর) সকালে স্থানীয় গোরস্তানে পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ছেলের এবং রাত ১১টার দিকে বাবার মৃত্যু হয়।

মারা যাওয়া দুজন হলেন আবদুল মান্নান (৫৯) ও তার বড় ছেলে মাহফুজুর রহমান (২৭)। তারা চৌড়হাস ফুলতলা এলাকার বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল মান্নান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কয়েক বছর ধরে তিনি শয্যাশায়ী। তার চার ছেলে-মেয়ে। বড় ছেলে মাহফুজুর শহরের একটি ছাপাখানায় কাজ করতেন। প্রায় আট মাস আগে তার বিয়ে হয়। বাবার সঙ্গে একই বাড়িতে থাকতেন মাহফুজুর। বাবার অসুস্থতা ও পারিবারিক নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন তিনি।

মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ছাপাখানায় কাজ করার সময় বাড়ি থেকে ফোন করে মাহফুজুরকে জানানো হয়, তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বাবার অসুস্থতার খবর শোনার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় সহকর্মীরা দ্রুত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাহফুজুরের সহকর্মী শিপন ইসলাম বলেন, মঙ্গলবার বিকেলে মাহফুজুর অফিসের চেয়ারে বসে ছিলেন। বাবার অসুস্থতার খবর ফোনে পাওয়ার পর তিনি চেয়ারের একদিকে হেলে পড়েন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। আনুষ্ঠানিকতা শেষে রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ বাড়িতে নেওয়া হয়।

এদিকে ছেলের মরদেহ বাড়িতে পৌঁছানোর খবর জানার পর আরও অসুস্থ হয়ে পড়েন বাবা আবদুল মান্নান। একপর্যায়ে মঙ্গলবার রাত ১১টার দিকে নিজ বিছানায় তার মৃত্যু হয়।

মাহফুজুরের মামাতো ভাই ফিরোজ আহমেদ বলেন, ছেলের মৃত্যুর খবর শোনার পর আবদুল মান্নানের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে রাত ১১টার দিকে তিনি মারা যান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক রুমন রহমানের ধারণা, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মাহফুজুরের মৃত্যু হয়ে থাকতে পারে।

চৌড়হাস ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল হক বলেন, মাহফুজুর ছিলেন ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। একই দিনে বাবা ও ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট