logo

নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু, ইউনিটপ্রতি খরচ হবে ৪ টাকা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, নোবিপ্রবি
নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু, ইউনিটপ্রতি খরচ হবে ৪ টাকা
নোবিপ্রবিতে সোলার প্যানেলের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। ছবি: এশিয়া পোস্ট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের ছাদে স্থাপিত সোলার প্যানেলের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে নোবিপ্রবিতে সোলার প্যানেল স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে স্থাপিতব্য বিশ্বমানের এআই ল্যাবে পরিবেশবান্ধব গ্রিন এনার্জি সরবরাহ করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সৌরবিদ্যুতের ব্যবহার ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন। সেই লক্ষ্য সামনে রেখে বিশ্ববিদ্যালয়েও নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্র প্রস্তুতে কাজ চলছে। সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের ব্যয় তুলনামূলকভাবে কম হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যয় সাশ্রয় হবে। পর্যায়ক্রমে পুরো ক্যাম্পাসকে সোলার প্যানেলের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।

উপাচার্য আশা প্রকাশ করেন, সৌরবিদ্যুতের ব্যবহার প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি শিক্ষার্থীবান্ধব ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলার পথ সুগম করবে।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন ও প্রকল্পের এসপিএম অধ্যাপক ড. আসাদুন নবীসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, স্থাপিত সোলার প্যানেল থেকে বছরে ২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে এবং প্রতি ইউনিট বিদ্যুতের খরচ পড়বে মাত্র ৪ টাকা। এর মাধ্যমে এআই ল্যাবের বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।